সংসদীয় কমিটির সুপারিশ অগ্রাহ্য, রেজিস্ট্রারকে চুক্তিভিত্তিক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগ থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেজিস্ট্রার আবদুল গফুরের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার সুপারিশ করেছিল।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত সংসদীয় স্থায়ী কমিটির দশম বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির তথ্য-প্রমাণ সংগ্রহ করতে আবদুল গফুরের মেয়াদ তিন মাস বাড়ানোর কথা জানিয়েছিলেন। প্রকৃতপক্ষে তাঁর মেয়াদ বাড়ানো হয়েছে এক বছর।বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. আসাদুল ইসলামের সই করা এক চিঠিতে এই নিয়োগ বৃদ্ধির বিষয়টি জানানো হয়। চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে আবদুল গফুর গত বছরের ১ জুলাই রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি সাংসদ মতিউর রহমান ও আনোয়ার হোসেনকে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএসএমএমইউয়ের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে লোকবল নিয়োগের বিষয়ে তদন্তের দায়িত্ব দেয়। ওই সাব কমিটি ২০০৯ সালের ৭ জুন থেকে ২ আগস্ট পর্যন্ত তদন্ত করে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে রেজিস্ট্রার আবদুল গফুরকে অপসারণ ও শাস্তির সুপারিশ করে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান শেখ ফজলুল হক সেলিম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ তদন্তের পর রেজিস্ট্রার আবদুল গফুরকে অপসারণের সুপারিশ করা হয়। একজন অপরাধীকে কোনোভাবেই নতুন করে কোনো চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার যুক্তি নেই। তিনি প্রশাসক হিসেবে যত দক্ষই হোন না কেন, আমরা বিষয়টি খতিয়ে দেখব।’জানা যায়, সংসদীয় সাব কমিটি হাসপাতালের বিভিন্ন বিভাগে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতি ও অনিয়ম চিহ্নিত করে। বলা হয়, মোট ১৩ ধরনের যন্ত্রপাতির মধ্যে ১১টিতে দুর্নীতি হয়েছে। কমিটি মন্তব্য করে, চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ায় চাহিদা ও প্রাক্কলিত ব্যয় নিরূপণ না করা, আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পরিবর্তে স্থানীয় দরপত্র বা কোটেশন আহ্বান করে মালামাল কেনা, পিপিআর ২০০৩-এর ক্রয় ধাপগুলো অনুসরণ না করা, বাজারদর যাচাই না করাসহ বিভিন্ন অনিয়ম হয়েছে।এ ছাড়া দলীয় বিবেচনায় নিয়োগ দিয়ে জনবল বাড়িয়ে দুই হাজার ৭০৪ জন করা হয়। যদিও সে সময় হাসপাতালের শয্যাসংখ্যা ছিল এক হাজার ২০০ এবং শিক্ষা কার্যক্রম বেড়েছিল মাত্র ১৫ শতাংশ।মতিউর রহমান ও আনোয়ার হোসেনের প্রতিবেদনে বলা হয়, ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত শিক্ষক ও কর্মকর্তা নির্বাচনী বোর্ডগুলোতে আবদুল গফুর কখনো সচিব বা সদস্যসচিব এবং ক্রয় কমিটির সদস্য ছিলেন। কিন্তু নথি পর্যালোচনায় দেখা যায়, একজন পদস্থ ও দায়িত্ববান কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভূমিকা রাখেননি।ওই প্রতিবেদন গত বছরের ৮ এপ্রিল স্থায়ী কমিটির সভায় অনুমোদনের পর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য বরাবর পাঠানো হয়। কিন্তু উপাচার্য রেজিস্ট্রার আবদুল গফুরকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার সুপারিশ অগ্রাহ্য করেন।জানতে চাইলে উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, রেজিস্ট্রারের এক বছরের নিয়োগ বাড়ানো হয়েছে কোনো উপায় না থাকায়। তবে, শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে এক মাসের বেতন প্রদান সাপেক্ষে কোনো নোটিশ ছাড়াই তাঁর চুক্তি বাতিল করা যাবে। নতুন রেজিস্ট্রার নিয়োগে দুই দফা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও সাড়া পাওয়া যায়নি বলে জানান উপাচার্য। তিনি বলেন, সরকারের কাছে যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তা চেয়েও তিনি পাননি।