সংসদীয় কমিটির সুপারিশ পরিবেশ ছাড়পত্র ছাড়া জাহাজ ভাঙা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজভাঙা শিল্পে পরিবেশ ছাড়পত্র ছাড়া একটি জাহাজও যাতে না ভাঙা হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। পাশাপাশি কমিটি আমদানিকারকদের কাছ থেকে পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এমন জাহাজ আনা এবং সংশ্লিষ্ট দেশের ছাড়পত্র আনারও সুপারিশ করেছে। গতকাল বৃহস্পতিবার সংসদ-ভবনে কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, সাবের হোসেন চৌধুরী, মো. একাব্বর হোসেন, মনোরঞ্জন শীল গোপাল, এম এ জব্বার, মো. সোহরাব আলী সানা, গিয়াস উদ্দিন আহমদ ও পারভীন তালুকদার বৈঠকে অংশ নেন।বৈঠকে আসন্ন বাজেটকে পরিবেশবান্ধব বাজেট হিসেবে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে ঢাকা শহরে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের আগে যাতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সম্মতি নেওয়া হয়, সে ব্যাপারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে জানানোর প্রস্তাব করা হয়েছে।