সংসদীয় কমিটির সুপারিশে সংশোধনী আনল বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগের জন্য আহ্বান করা দরপত্রে পাঁচটি সংশোধনী আনা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে এসব সংশোধনী আনা হয়।
বন্দর সূত্র জানায়, নিউমুরিং কনটেইনার টার্মিনালের পাঁচটি জেটির মধ্যে চারটিতে কনটেইনার ওঠানো-নামানোর জন্য (দুই বছর) ৫ মে দুটি দরপত্র আহ্বান করা হয়। টার্মিনালের ২ ও ৩ নম্বর জেটি পরিচালনার জন্য একটি এবং ৪ ও ৫ নম্বর জেটি পরিচালনার জন্য আরেকটি দরপত্র আহ্বান করা হয়। কিন্তু দরপত্রে কঠিন শর্তের কারণে প্রতিযোগিতা সীমিত হয়ে পড়বে বলে অভিযোগ ওঠে। এরপর এই সংশোধনী আনা হলো।
সূত্র জানায়, ১৯ মে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে শর্ত সংশোধনের জন্য সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়। ২১ মে সংসদীয় কমিটির সভাপতি এক চিঠিতে বৈঠকের সিদ্ধান্ত বন্দর চেয়ারম্যানকে জানান। এরপর ২৪ মে বন্দরের পরিচালক (পরিবহন) দরপত্র কেনা প্রতিষ্ঠানগুলোর কাছে দরপত্রে সংশোধনীর বিষয়গুলো জানিয়ে দেন।
সংশোধনীর মধ্যে রয়েছে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ৩৫ কোটি টাকা থেকে কমিয়ে ৩০ কোটি নির্ধারণ। দরপত্রদাতার নিজস্ব স্ট্র্যাডল ক্যারিয়ার (কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র) থাকার শর্ত বাদ। এ ছাড়া যৌথভাবে দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যে শর্ত ছিল, তা শিথিল করা হয়েছে।
বন্দর সূত্রের ভাষ্যমতে, এরপরও একটি প্রতিষ্ঠান ছাড়া বন্দরে একই ধরনের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর এককভাবে দরপত্রে অংশগ্রহণের সুযোগ নেই। তবে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে একাধিক প্রতিষ্ঠানের অংশ নেওয়ার সুযোগ হতে পারে।
নির্ধারিত সময় অনুযায়ী কাল সোমবার দুটি দরপত্র জমাদানের শেষ দিন ছিল। তবে সংশোধনীতে এনসিটির ৪ ও ৫ নম্বর জেটিতে অপারেটর নিয়োগের দরপত্র দাখিলের সময়সীমা সাত দিন বাড়ানো হয়েছে।
জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘দরপত্রের যে বিষয়গুলো শিথিল করা দরকার, কমিটি সেগুলো শিথিল করার জন্য সুপারিশ করেছে। দরপত্র জমাদানের পর কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, কমিটির সভায় তা পর্যালোচনা করা হবে।’