বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে সুরঞ্জিত সেনগুপ্ত এক উজ্জ্বল নক্ষত্র। যত দিন বাংলাদেশের সংসদ থাকবে, তত দিন এই নামটি উজ্জ্বল হয়ে থাকবে।
প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদ যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে।
১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে জয়লাভের মাধ্যমে সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক উত্থান। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সাতবার তিনি সাংসদ নির্বাচিত হন। গত ৫ ফেব্রুয়ারি তিনি মারা যান। তাঁকে স্মরণ করতেই এই সভা।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্তের নাম জানলেও তাঁকে আমি প্রথম দেখেছি দেশ স্বাধীন হওয়ার পর। আমার বাবা ক্যাপ্টেন মনসুর আলীর কাছে তিনি আসতেন। নানা বিষয় নিয়ে তাঁরা কথা বলতেন। ১৯৮৬ সালে আমি প্রথম সাংসদ হই। এরপর ছয়বার নির্বাচিত হয়েছি। সুরঞ্জিত সেনগুপ্তের কাছ থেকে আমি শেখার চেষ্টা করেছি। কিন্তু তাঁর মতো করে এত প্রাণবন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারিনি। বাংলাদেশের সংসদে সুরঞ্জিত সেনগুপ্তের মতো সাংসদ আসতে অনেক যুগ লাগবে।’
১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এ নিয়ে আর কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে পারব না। অনেক পরীক্ষা হয়েছে। আর না। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। জঙ্গি দমন, বিদ্যুৎ সমস্যার সমাধান হচ্ছে। পদ্মা সেতুর কাজ হচ্ছে। সংবিধান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আর সময় নষ্ট করা যাবে না।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সুরঞ্জিত সেনগুপ্তের অবদান অনেক। তিনি অসাম্প্রদায়িক ও প্রগতিশীল মানুষ ছিলেন। সারা জীবন তিনি এ জন্য লড়াই করেছেন।
সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত বলেন, ‘আমার বাবা মানুষকে খুব ভালোবাসতেন। যে যেখানে যে সমস্যায় পড়ে আসতেন, বাবা সমস্যা সমাধানের চেষ্টা করতেন। সবাই দোয়া করবেন যেন বাবার আদর্শকে ধারণ করে বাঁচতে পারি।’
মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডি এন চ্যাটার্জি স্মরণসভায় সভাপতিত্ব করেন।