চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগের বিষয়ে এবার তদন্ত শুরু করেছে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এরই মধ্যে কমিটির চার সদস্যের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে ওই ঘটনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। পরে তাদের প্রতিবেদনের ভিত্তিতে ঠিকাদারি, পরামর্শক প্রতিষ্ঠানের মালিকসহ চারজনের বিরুদ্ধে অধিদপ্তর মামলা করে। তাঁদের মধ্যে দুজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাও রয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনাল ও পরামর্শক প্রতিষ্ঠান ঢাকার ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডকে ১০ বছরের জন্য সরকারি কাজে অযোগ্য ঘোষণা করা হয়। কিন্তু নির্মাণ প্রকল্পের পরিচালক (‘বাঁশ পিডি’ হিসেবে পরিচিতি পেয়েছেন) সেই সাদেক ইবনে শামসকে ‘শাস্তি’ হিসেবে কিশোরগঞ্জে বদলি করা হয়েছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় তিনি নেই। আবার দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই ঘটনায় যে চারজনের বিরুদ্ধে অনুসন্ধান করছে, তাতেও তাঁর নাম নেই।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেনের নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ নুরুল ইসলাম ওমর, সাংসদ রেজাউল করিম তানসেন ও সাংসদ উম্মে কুলসুম আলোচিত ভবনে যান।
পরিদর্শনকালে প্রতিনিধিদল নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রধান নির্মাণ শ্রমিক, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। সাংসদ রেজাউল করিম এ ঘটনার পেছনে স্থানীয় রাজনৈতিক বিষয়াদি জড়িত বলে অভিযোগ করলে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন।
কমিটির সভাপতি মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না। আমরা কী দেখলাম, কী পেলাম, তা আমরা দেশের মানুষকে শিগগিরই জানাব।’