সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপি সংসদে এসে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিক। আমরা বিবেচনা করব। আলোচনা করব।’
গতকাল শনিবার বিকেলে নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা কমিটির সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মোশাররফ হোসেন বলেন, বিএনপি-জামায়াতের উৎস এবং ভিত্তি হচ্ছে মিথ্যাচার। তারা হেফাজত নিয়ে মিথ্যাচার করেছিল। এখন এটা প্রমাণিত, ওই সমাবেশে কতজন মারা গিয়েছিল। তারা আগামী নির্বাচন সামনে রেখে আবার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সবাই এক ও অভিন্ন থাকলে, দল যাঁকে মনোনয়ন দেয়, তাঁর জন্য কাজ করলে বেশি আসন পাওয়া যাবে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্বভাবে কাজ করলে আগামী নির্বাচনে দক্ষিণ চট্টগ্রাম থেকে আরও বেশি আসনে আওয়ামী লীগ জয়ী হবে। পত্রিকায় যাঁরা নানা রকম কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁরা দলের সঙ্গে বেইমানি করছেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সাংসদ সামশুল হক চৌধুরী, নারী সাংসদ হাছিনা মান্নান ও চেমন আরা তৈয়ব, আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা সুলতানুল কবির, আবু সুফিয়ান, শাহজাদা মহিউদ্দিন, আবুল কালাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।