সংসদে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা না থাকায় সাবেক মন্ত্রীর ক্ষোভ
জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি ঘাটতি বাজেট এবং শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বরাদ্দ কমে যাওয়ায় প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেন।
অধিবেশনের শুরুতে উপস্থিত থাকলেও আবুল কালাম আজাদের আলোচনার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন না।
সাধারণ আলোচনায় অংশ নিয়ে আজ রোববার আবুল কালাম আজাদ বলেন, ‘সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা দিয়ে সংসদে কথা বলেন। কিন্তু সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকেন না। অর্থমন্ত্রীও এখন নাই। থাকলে ভালো হতো। অর্থমন্ত্রী যদি না থাকেন, তাহলে সংসদ সদস্যরা কী বক্তব্য দিচ্ছেন, সেটা কীভাবে দেখা হবে।’
এ সময় স্পিকারকে উদ্দেশ করে আবুল কালাম আজাদ বলেন, ‘দেখেন, কর্মকর্তারা কেউই নেই। সংসদীয় গণতন্ত্রের মূল কথা হচ্ছে, সংসদে পরামর্শ, আলাপ-আলোচনার ভিত্তিতে যা কিছু উঠে আসবে, সেগুলোও বিবেচনায় নিতে হবে। অথচ সংসদে আলোচনার পর মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয় না।’
বাজেট কীভাবে বাস্তবায়িত হবে, সেই বিষয়ে কোনো দিক-নির্দেশনা নেই বলে আবুল কালাম আজাদ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইনকাম ট্যাক্সের কথা বহুবার বলেছি। দেশের ১৬ কোটি মানুষ। এনবিআর কতজনের কাছ থেকে ট্যাক্স নেয়? গ্রামে দেখি কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। তারা ট্যাক্স দেয় না। তাদের জিজ্ঞেস করি, ট্যাক্স দাও কি না? তারা বলে, কেউতো দিতে বলেনি। যারা জানে, তারা বলে, ট্যাক্সের পদ্ধতি এমনভাবে করে রেখেছেন, কীভাবে দেব। ঘাটতি বাজেট করছে। অর্থ মন্ত্রণালয় উদ্যোগ নিলে বাজেটের ঘাটতি কমানো যায়। ক্ষুদ্র, মাঝারি ও বড় মাপের সাড়ে তিন কোটি ব্যবসায়ী রয়েছে। ৭০ / ৮০ লাখ মানুষের কাছ থেকে ট্যাক্স নেওয়া তো কঠিন বিষয় না।’ তিনি আরও বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বাজেট কমানো হয়েছে। বাজেট বাস্তবায়ন ও দেশ গড়ার জন্য দক্ষ মানুষ দরকার। শিক্ষা খাতে বরাদ্দ কম হলে দক্ষ মানুষ কোথায় পাবেন? বিশ্ব যেখানে এই খাতে বরাদ্দ বাড়াচ্ছে, সেখানে আমাদের কমছে।’
বাজেটের ওপর আলোচনা করেন দীপু মনি, আবুল হাসানাত আবদুল্লাহ, মুহিবুর রহমান মানিক, তানভীর ইমাম, সানজিদা খানম, শওকত চৌধুরী, মাহজাবিন মোরশেদ প্রমুখ।
সবশেষে সংসদের অধিবেশন আগামীকাল সোমবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।