ব্যাংকিং খাতে লুটপাট ও শেয়ারবাজার ধসের ঘটনার নৈতিক দায়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ চেয়েছেন জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন আহমেদ (বাবলু)।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ দাবি করেন। জিয়াউদ্দিন বাবলু বলেন, ব্যাংক খাতে এখন ক্যানসার অবস্থা বিরাজ করছে। অর্থমন্ত্রী নিজেই বলছেন সাগরচুরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গভর্নর নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন। তাহলে ব্যাংকিং খাতে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হলো, শেয়ারবাজার ধসের ঘটনায় সাধারণ মানুষ পথে বসল, তার দায় স্বীকার করে অর্থমন্ত্রী পদত্যাগ করছেন না কেন?
অর্থমন্ত্রীর উদ্দেশে জিয়াউদ্দিন বলেন, ‘আপনি স্বীকার করেছেন, ব্যাংকিং খাতে লুটপাটের মহোৎসব হয়েছে। তাহলে আপনার নৈতিক দায়িত্ব নাই? এত বড় দুর্নীতির পর আপনার এ পদে থাকার অধিকার নাই। আপনি পদত্যাগ করুন।’ তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক লাখ কোটি টাকা খেলাপি ঋণ। তাদের আইনের আওতায় আনা হচ্ছে না। ৩৭ হাজার কোটি টাকা ব্যাংকঋণ অবলোপন করা হয়েছে। তিনি সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের দাবি জানান।
বিএটির কর ফাঁকি: ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো (বিএনটি) কোম্পানির পরিচালনা পর্ষদে সরকারের সচিব পর্যায়ের একাধিক প্রতিনিধি থাকার পরও প্রতিষ্ঠানটির রাজস্ব ফাঁকি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এই কোম্পানিতে সরকারের মালিকানা থাকা উচিত নয়।
তামাক নিয়ন্ত্রণে সরকারের দ্বৈতনীতি ও করারোপের বৈষম্যের অভিযোগ তুলে সাবের হোসেন বলেন, স্তরভিত্তিক করবিন্যাসের সুযোগ নিয়ে কিছু কিছু কোম্পানি রাজস্ব ফাঁকি দেয়। বিএটি প্রায় ৭০০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। এই কোম্পানিতে বাংলাদেশ সরকারের ১৩ ভাগ শেয়ার রয়েছে। পরিচালনা পর্ষদে সরকারের চারজন সচিব পর্যায়ের পরিচালক আছে। তাঁরা আবার নিরীক্ষাও করেন। তিনি বলেন, বিএটিতে সরকারের যে চারজন পরিচালক আছেন, তাঁদের সেখান থেকে সরে যাওয়া উচিত।
প্রসঙ্গত, বিএটির পরিচালনা পর্ষদে সরকার নিযুক্ত স্বতন্ত্র পরিচালক হিসেবে নিরীক্ষা কমিটির সদস্যপদে রয়েছেন শিল্পসচিব, কৃষিসচিব, শ্রম ও কর্মসংস্থানসচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দকী।