সংসদে অলির সমালোচনা
জাতীয় সংসদে গতকাল রোববার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি সাংসদ অলি আহমদের সমালোচনা করেছেন মহাজোটের পাঁচ সাংসদ। নারী সাংসদদের নিয়ে কটাক্ষ করে চট্টগ্রামে বক্তব্য দেওয়ায় তাঁকে সংসদে ক্ষমা চাওয়ার দাবিও জানান তাঁরা।চট্টগ্রামের একটি আসনের সাংসদ মঈন উদ্দীন খান বাদল অনির্ধারিত আলোচনার সূত্রপাত করে বলেন, নারী সাংসদদের কটাক্ষ করে সম্প্রতি চট্টগ্রামে অশালীন বক্তব্য দেন অলি। তাঁর এই বক্তব্য চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ ও দৈনিক আজাদীতে প্রকাশিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।আলোচনায় অংশ নিয়ে মেহের আফরোজ বলেন, ‘অলিকে ক্ষমা চাইতে হবে। নারী সাংসদদের অপমান করেছেন তিনি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’তারানা হালিম বলেন, ‘নারীকে পণ্য হিসেবে উল্লেখ করায় সহকর্মী হিসেবে আমি লজ্জাবোধ করছি। তাঁকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।’চট্টগ্রামের আরেক সাংসদ মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশে দুজন বেয়াদব আছেন। এখন একজন জেলে, অন্যজন বাইরে। দুর্ভাগ্যজনক হলো, দুজনই চট্টগ্রামের।’ অলির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ওনার কী মা, স্ত্রী ও মেয়ে নেই? তা না হলে এ ধরনের উক্তি করেন কীভাবে? তাঁকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে সংসদের কাছে।’বিষয়টি স্পিকারের বিশেষ অধিকার কমিটিতে পাঠানোর অনুরোধ জানান শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, তাঁকে শুধু ক্ষমা চাইলেই হবে না, তাঁর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা উচিত। বিশেষ অধিকার কমিটির কাছে অলি আহমদ কোনো সদুত্তর দিতে না পারলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।