সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার করায় টিআইবির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ কর্তৃক অসংসদীয়, অশ্রাব্য এবং আক্রমণাত্মক ভাষা ব্যবহার করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির সদস্যরা অনতিবিলম্বে সংসদের পবিত্রতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গত শনিবার রাজধানীর বিয়ামে অনুষ্ঠিত টিআইবির সদস্যদের বার্ষিক সভায় এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে ওই সভায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন, জাতীয় সংসদকে কার্যকর, স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছা, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের কার্যকর ভূমিকা এবং মানবাধিকার সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘সংসদে যাঁরা আছেন, তাঁদের কোনো অধিকার নেই একে অপবিত্র করার। আমরা নাগরিকেরা সংসদ সদস্যদের সেই অধিকার দিইনি।’ তিনি দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের অধিকতর সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন। টিআইবির ট্রাস্টি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘জাতি হিসেবে সাধারণ মানুষের মাঝে আমি সব সময়ই স্বচ্ছতা ও সুনীতির প্রতীক খুঁজে পাই। আমি বিশ্বাস করি, দুর্নীতির বেড়াজাল থেকে বাংলাদেশ একদিন বের হয়ে আসবেই।’” সভায় সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য মো. নুরুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সভায় বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং টিআইবির সদস্য এ এম আহসান উল্লাহর মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে টিআইবি আগ্রহী শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ নাগরিকদের সদস্যভুক্ত করে আসছে। বার্ষিক সদস্য সভা ছাড়াও ত্রৈমাসিক ভিত্তিতে অনুষ্ঠিত সদস্য দিবসে অংশগ্রহণ করে তাঁরা টিআইবির কর্মসূচি সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন। বর্তমানে টিআইবির সদস্যসংখ্যা ৩২৫।বার্ষিক সদস্য সভা শেষে এক ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এতে দুর্নীতি দমনে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি; পদ্মা সেতু নির্মাণে স্বচ্ছতা ও জাতীয় সম্পদ ব্যবহারে জবাবদিহি নিশ্চিতকরণ; সন্ত্রাসবিরোধী আইনের সাম্প্রতিক সংশোধনীর মাধ্যমে পুলিশি ক্ষমতার অপপ্রয়োগের সুযোগে উদ্বেগ প্রকাশ; আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ও শ্রমিক অধিকার সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ; বিনিয়োগের নিরাপত্তা ও সিন্ডিকেটের প্রভাব নিয়ন্ত্রণ; নারীর ক্ষমতায়ন-প্রক্রিয়া ত্বরান্বিত করার কার্যকর উদ্যোগ; ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।