সংসদে আইন করার বিপক্ষে মত তিন অ্যামিকাস কিউরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সংসদে আইন প্রণয়নের প্রয়োজন নেই বলে মত দিয়েছেন তিন শীর্ষ আইনজীবী। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ১০ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে শুনানিতে এ মত দেন আইনজীবী ড. কামাল হোসেন, রফিক-উল হক এবং এ এফ হাসান আরিফ। আজ এ বিষয়ে শুনানি হবে। গত ১৪ মার্চ বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ভাতাসংক্রান্ত একটি কাঠামো আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ কিছু সংশোধনের কথা উল্লেখ করে এ বিষয়ে প্রতিবেদন দিতে ১৫ এপ্রিল তারিখ ধার্য করেন। ওই দিন রাষ্ট্রপক্ষ একটি আবেদন দাখিলের কথা বলে। রাষ্ট্রপক্ষ ওই আবেদন দাখিল করে ১৬ এপ্রিল। ওই আবেদনে ‘জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের বেতন-ভাতা, প্রজ্ঞাপন জারির পরিবর্তে আইন প্রণয়নের মাধ্যমে নির্ধারণ করা যথাযথ হবে’ বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে অ্যামিকাস কিউরিদের বক্তব্য শোনা এবং পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানিয়ে ওই দিন আদালত রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেন। গতকাল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একটি আবেদন উত্থাপন করলে আদালত বলেন, ‘আপনি আপনার সুবিধামতো একটি আবেদন নিয়ে আসবেন। এটা তো হতে পারে না।’ পরে আবেদন উপস্থাপন করে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুসারে সংবিধানের বিধানাবলি সাপেক্ষে সংসদ আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলি নির্ধারণ করতে পারেন। আদালত বলেন, ‘এটা বিচার বিভাগের জন্য প্রযোজ্য নয়। মাসদার হোসেন মামলার রায়ে এটা নির্ধারিত হয়ে গেছে। কেন বারবার সিভিল প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের তুলনা করেন?’অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে আদালত বলেন, ‘বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে সরকারকে যথাযথ অ্যাডভাইস এবং কোর্টকেও সেভাবে অ্যাড্রেস করবেন।’মাসদার হোসেন মামলার কৌঁসুলি এম আমীর উল ইসলাম শুনানিতে বলেন, অধস্তন আদালতের বিষয়ে সংবিধানের ১১৩, ১১৪, ১১৫ ও ১১৬ অনুচ্ছেদে বলা আছে। ১১৫ ও ১১৬ অনুচ্ছেদ একত্রে পড়তে হবে। সে অনুসারে নিন্ম আদালতে বিচারকদের চাকরিসংক্রান্ত বিষয়ে করণীয় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি বিধি প্রণয়ন করতে পারবেন। সংবিধানে এ বিষয়ে সংসদে আইন প্রণয়ন করার বিষয়টি অনুপস্থিত। ১৩৩ অনুচ্ছেদের সংসদে আইন করার বিষয়টি শুধু সরকারি কর্মচারী তথা নির্বাহী বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য।ড. কামাল হোসেন বলেন, সিভিল সার্ভিস আর বিচার বিভাগ এক নয়। জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের বেতন-ভাতা, প্রজ্ঞাপন জারির পরিবর্তে আইন প্রণয়নের মাধ্যমে নির্ধারণ করা প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ‘উত্তর না’। একই মত দেন অ্যামিকাস কিউরি রফিক-উল হক এবং এ এফ হাসান আরিফ।