সংসদে আইলা-দুর্গতের বিপন্নতা তুলে ধরতে সাংসদদের কাছে চিঠি
আইলা-দুর্গত অঞ্চলের মানুষের বিপন্নতা জাতীয় সংসদে তুলে ধরতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ উপকূলীয় ৩৪ জন সাংসদের কাছে খোলা চিঠি পাঠাবে নাগরিক সংহতি। গতকাল শুক্রবার সকালে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ কথা জানান। আগামীকাল রোববার এমপি হোস্টেলের নিজ নিজ ঠিকানায় এবং খালেদা জিয়াকে তাঁর মঈনুল রোডের বাসভবনের ঠিকানায় এই চিঠি পাঠানো হবে। নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, আইলা-দুর্গতসহ উপকূলীয় অঞ্চলের বিপন্ন মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরার জন্যই খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের সাংসদদের চিঠি দেওয়া হবে। তিনি জানান, আইলা-দুর্গত এলাকা দুই দফা ঘুরে এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে চিঠিটি তৈরি করা হয়েছে। খোলা চিঠিতে বলা হয়েছে, উপকূলীয় এলাকায় আইলা আঘাত হানার এক বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত বাঁধ এখনো মেরামত করা হয়নি। দুর্গত মানুষের পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিশ্রুতি দেওয়া সাত হাজার ৯৩৫ কোটি টাকাও পাওয়া যায়নি। মানুষ মানবেতর জীবনযাপন করছে।