কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোর বিরুদ্ধে ‘সৎ সাংবাদিকতা’ না করার অভিযোগ তুলেছেন। তিনি প্রথম আলোর বিরুদ্ধে ‘বানোয়াট’ সংবাদ পরিবেশন এবং পাঠককে ‘বিভ্রান্ত’ করারও অভিযোগ তোলেন।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ১৫টি কলের লাঙল কেনা নিয়ে সর্বশেষ অনুসন্ধানে প্রাপ্ত তথ্য প্রথম আলো ২ জুলাই প্রকাশ করে। ‘প্রথম আলোর খবর অসত্য নয়, এখনো পাঁচজন লাঙল কেনেননি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে প্রয়োজনীয় তথ্যের সত্যতা প্রথম আলো প্রতিষ্ঠিত করেছে।
এ বিষয়ে কৃষিমন্ত্রী গতকাল রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দেন। প্রথম আলোয় প্রকাশিত ‘কলের লাঙলের ভর্তুকির বড় ভাগ সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে’ শীর্ষক প্রতিবেদনকে কেন্দ্র করে এটি সংসদে তাঁর তৃতীয় বিবৃতি।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে উদ্দেশ করে বলেন, ‘যতই বানোয়াট নিউজ ছাপান না কেন, এতে যে আমি খুব একটা উত্তেজিত হব, রাগান্বিত হব, এমন না। তারা তাদের ইচ্ছামতো নিউজ করে এবং সেইভাবে পাঠকদের বিভ্রান্ত করে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমি শুধু এটুকু বলব যে মন্ত্রী বা এমপি হলে পার্লামেন্টে কথা বলতে পারি, তাও সেশন থাকলে। সাধারণ মানুষ কী করবে? সাধারণ মানুষের প্রতিকারের পথটা কী? প্রতিবাদ দিলেও তারা তিন-চার লাইন দেন অথবা দেন না। এর নাম সৎ সাংবাদিকতা না।’
গতকালের বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘গত ২ জুলাই সংবাদ প্রকাশের পর ৩ জুলাই মন্ত্রণালয় আবার তদন্ত করে। ওই তদন্তে প্রথম আলোর সংবাদ অসত্য বলে প্রমাণিত হয়েছে।’
মতিয়া চৌধুরী আরও বলেন, ‘গত ২৭ মে পত্রিকায় সংবাদ প্রকাশের দিনেই কৃষি মন্ত্রণালয় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে, তা প্রথম আলোয় প্রকাশিত হয়। অথচ সংবাদ পরিবেশনকারী সাংবাদিক আজাদ রহমান তদন্ত কর্মকর্তার আমন্ত্রণে আসেননি।’
প্রথম আলোর বক্তব্য: ঝিনাইদহে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানকে তদন্ত কমিটির আহ্বায়কের টেলিফোন, কমিটির সদস্যদের সঙ্গে দেখা করার জন্য তাঁকে আজাদ রহমানের ফিরতি ফোন এবং এ বিষয়ে কৃষিমন্ত্রীর আগের বিবৃতির বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়কের সঙ্গে আজাদের আবার যোগাযোগ ও কথোপকথন ২ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিতভাবে ছিল। তারপরও কৃষিমন্ত্রীর গতকাল তদন্ত কর্মকর্তার আমন্ত্রণে সাড়া না দেওয়ার অভিযোগ তোলা দুঃখজনক।
গতকাল সংসদে মন্ত্রী বলেন, ২ জুলাই প্রকাশিত প্রতিবেদনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রথম আলোর খবর অসত্য নয়, এখনো পাঁচজন লাঙল কেনেননি’। এ সংবাদের সূত্র ধরে কৃষি মন্ত্রণালয় থেকে উক্ত তদন্ত কমিটিকে বিষয়টি আবার তদন্ত করতে ৩ জুলাই কোটচাঁদপুর পাঠানো হয়। কমিটি ওই পাঁচজনের লিখিত বক্তব্য নেয়। তাঁরা হলেন সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, ফিরোজ আলম, ফারুক আহমেদ ও আজিজুল হক। তদন্ত কমিটি ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার সরবরাহকারী রাফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আসাদুল ইসলাম লিটুরও লিখিত বক্তব্য নেয়।
মন্ত্রী বলেন, প্রকাশিত সংবাদে যে দুজন কৃষক বখতিয়ার আলম ও মোশাররফ হোসেনের কাছ থেকে পাওয়ার টিলার ভাড়া আনার কথা বলা হয়েছিল, তাঁদেরও লিখিত বক্তব্য নেওয়া হয়। এতে তাঁরা উল্লেখ করেন যে প্রকাশিত সংবাদ সত্য নয়। বরং যাঁদের কাছে ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে, তাঁদের তাঁরা চেনেন না।
প্রথম আলো: গত শুক্রবার ইউএনও অফিসে ওই তদন্ত চলাকালে ভবনের বাইরে যুবলীগের কর্মীদের হাতে সংবাদ সংগ্রহ করতে যাওয়া একজন স্থানীয় সাংবাদিক লাঞ্ছিত হন। তাঁরা প্রথম আলোর প্রতিনিধিকেও খুঁজতে থাকেন। ফলে ওই তদন্তের পরিবেশ সম্পর্কে আর বলার কিছু থাকে না।
আর যে দুজন কৃষক তদন্ত কমিটিকে লিখিত বক্তব্য দিয়েছেন বলে মন্ত্রী দাবি করলেও কৃষক মোশাররফ হোসেন তদন্ত কমিটির দেওয়া লিখিত বক্তব্যে স্বাক্ষর করতে অস্বীকার করেন। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তাসহ কৃষি মন্ত্রণালয়ের পাঠানো কমিটির সামনেই ওই ঘটনা ঘটেছিল। ৪ জুলাই প্রথম আলোয় প্রকাশিত খবরেও এর বর্ণনা আছে।
সংসদে কৃষিমন্ত্রী বলেন, মেসার্স রাফি এন্টারপ্রাইজের আসাদুল ইসলাম লিটু জবানবন্দিতে বলেন, এ বছর ভর্তুকির আওতায় কোটচাঁদপুর উপজেলায় তিনি ১৩টি পাওয়ার টিলার বিক্রয় করেছেন, যার সবগুলোই তিনি কৃষকদের বুঝিয়ে দিয়েছেন। তাঁর দপ্তরের কাগজপত্র পরীক্ষা করে এর সত্যতা পাওয়া যায়। তিনি কোনো মেশিন ভাড়া দেন না বা ভাড়ার ব্যবস্থা করেন না। সাংবাদিক আজাদ রহমান নিজেকে এসিআই কোম্পানির লোক হিসেবে পরিচয় দিয়ে রাফি এন্টারপ্রাইজের বিভিন্ন গ্রাহকের কাছে ফোন করেছেন বলে তাঁর বক্তব্যে উল্লেখ রয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, ২ জুলাই প্রথম আলোয় যে ছয়জন গ্রাহকের নাম এসেছে (মো. সিরাজুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. ফিরোজ আলম, মো. আবদুল খালেক, মো. ফারুক আহমেদ ও মো. আজিজুল হক), তাঁরা সবাই পাওয়ার টিলার নিয়েছেন বলে ডিলারের বক্তব্যে উল্লেখ রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ফিরোজ আলম ও সিরাজুল ইসলামের পাওয়ার টিলারের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ওই দুটি মেশিনের ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে।
প্রথম আলো: ২ জুলাই প্রতিবেদন প্রকাশের পর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল কলের লাঙলপ্রাপ্ত ব্যক্তিদের বাড়িতে যান। কিন্তু তাঁরা তাঁকে কোনো লাঙল দেখাতে পারেননি, বলেছেন লাঙল মাঠে আছে। ইউএনও ওই দিন বিকেলের মধ্যে তাঁদের উপজেলা সদরে এনে লাঙল দেখিয়ে যেতে বলেন। ওই দিন বিকেলে ও পরদিন যে লাঙলগুলো ইউএনওর দপ্তরে আনা হয়েছিল, তার সবগুলোই ছিল নতুন। মাঠ থেকে আনা এবং তিন মাস আগের কেনা লাঙল কীভাবে নতুন থাকে জানতে চাইলে ইউএনও বলেছিলেন, দুটি লাঙলে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেগুলো বদলে নতুন লাঙল দিয়েছে ডিলার। এ-সংক্রান্ত পুরো বর্ণনা ৪ জুলাই প্রথম আলোতে ছাপা হয়েছিল। ছাপা হয়েছিল ছবিও।
মন্ত্রী সংসদে বলেছেন, ‘প্রথম আলোর মতো পত্রিকা একটি অসত্য তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদের পক্ষে বারবার সংবাদ প্রকাশ করে প্রকৃতপক্ষে তাঁরা কী অর্জন করতে চাচ্ছেন, তা আমার বোধগম্য হচ্ছে না। যেমন ২৭ মে প্রকাশিত সংবাদে বলেছিল “কলের লাঙলে ভর্তুকির বড় ভাগ সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে”। কিন্তু এখন বলছে পাঁচজন যন্ত্র ক্রয় করেননি। তদন্তে বিষয়টি অসত্য প্রমাণিত হয়েছে।’
মতিয়া চৌধুরী বলেন, ১৫টি পাওয়ার টিলারের মোট মূল্য (প্রতিটি ১ লাখ ২০ হাজার টাকা) ১৮ লাখ টাকা। তার মধ্যে ১৫ জন কৃষক দেবেন ৭৫ ভাগ অর্থাৎ ১৩ লাখ ৫০ হাজার টাকা আর সরকার দেবে বাকি ২৫ ভাগ অর্থাৎ ৪ লাখ ৫০ হাজার টাকা। ভর্তুকির এই টাকা কোনো ব্যক্তিকে পরিশোধ করা হয়নি, লাঙল সরবরাহকারী প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে। প্রথম আলো এটা বুঝছে না অথবা বুঝেও না বোঝার চেষ্টা করছে অথবা এর পেছনে কোনো উদ্দেশ্য নিহিত রয়েছে।
লিখিত বিবৃতিতে দেখা যায়, এরপর মতিয়া চৌধুরী সংবাদের প্রসঙ্গ ছেড়ে সংবাদদাতার অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে কিছু তথ্য দেন। তিনি বলেন, ‘আজাদ রহমান ’৯১-৯৬ সালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৮-২০০০ মেয়াদে তিনি যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি প্রাক্তন মন্ত্রী তরিকুল ইসলামের লোকসমাজ পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’
প্রথম আলো: আজাদ রহমান ১৯৮৯-৯১ সালে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি রাজনীতি ছেড়ে দেন। দলবদলের এই দেশে তিনি আর কোনো রকম রাজনীতিতে জড়াননি। সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং তাকে অবলম্বন করেই জীবনধারণ করছেন।
২ জুলাইয়ের প্রতিবেদনে প্রথম আলো কমিটির সদস্যদের তদন্তকাজের অসংগতি তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য দিয়ে তুলে ধরেছিল। সেই একই কমিটির সদস্যরা আবার তদন্তে গিয়ে কেবল অনিয়মের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য শুনে প্রতিবেদন দিয়েছেন এবং তার সূত্রে মন্ত্রী তৃতীয়বার সংসদে বিবৃতি দিয়েছেন। কলের লাঙল কেনায় অনিয়মের প্রয়োজনীয় তথ্য-প্রমাণ আমাদের কাছে আছে। ফলে প্রথম আলোর প্রতিবেদন অসত্য নয়।