সংসদে আলোচনায় আবগারি শুল্ক ও ১৫ শতাংশ কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক হিসাবে আবগারি শুল্ক না বাড়াতে আবারও দাবি উঠেছে সংসদে। আজ বুধবার ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় মন্ত্রী, সাংসদেরা এই দাবি তুলেছেন। কোনো কোনো সাংসদ ১৫ শতাংশ করারোপের প্রস্তাব পুনর্বিবেচনারও দাবি করেছেন।

পাশাপাশি বাজেট নিয়ে সংসদের বাইরে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করেছেন বেশির ভাগ সাংসদ।

আজ বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। এর আগে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়েও অনেক সাংসদ ব্যাংক হিসাবে আবগারি শুল্ক না বাড়ানোর দাবি করেছিলেন।

আজ আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সঞ্চয়ের ওপর কর আরোপ করা ঠিক হবে না। তিনি নিম্ন আয়ের মানুষকে অব্যাহতি দিয়ে ধনাঢ্যদের ওপরে করারোপ করার পরামর্শ দেন। সঞ্চয়পত্রের ওপর থেকে সুদ না কমানোর দাবিও করেন তিনি।

বাজেট নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনার জবাবে মোজাম্মেল হক বলেন, খালেদা জিয়া আর তাঁর পুত্র যে কাজে পারদর্শী সেই কথাই উনি বলবেন। কিন্তু কীভাবে চুরি হলো, সেটা স্পষ্ট করে বলতে পারেননি। দেশের উন্নয়নের খবর রাখেন না বলেই খালেদা জিয়া ইচ্ছামতো কথা বলছেন।

কথায় কথায় ‘উত্তেজিত’ না হয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ভ্যাটের বিষয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান সরকারদলীয় সদস্য আলী আশরাফ। তিনি অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, বাস্তবায়ন প্রয়াস না থাকলে এটা অর্থহীন। ব্যাংক হিসাবে বাড়তি শুল্ক বাড়ানোর প্রস্তাবেরও সমালোচনা করেন তিনি।

সরকারি দলের টিপু মুন্সী বলেন, অনেকে বলছেন ১৫ শতাংশ কর সহনীয় নয়। তিনি সব খাতে কর ১৫ শতাংশ না করে খাতওয়ারি করের হার নির্ধারণের পরামর্শ দেন। উৎসে করের বিষয়টি বিবেচনা করা এবং বিড়ি শিল্প বন্ধ করার আগে শ্রমিকদের কাজের ব্যবস্থা করার দাবি জানান।

আওয়ামী লীগের দীপু মনি ইংলিশ মিডিয়াম স্কুলকে ভ্যাটের আওতার বাইরে রাখার দাবি জানান। ইফতারের সময় খালেদা জিয়া প্রতিনিয়ত বাজেট নিয়ে চূড়ান্ত মিথ্যাচার করছেন বলেও দাবি করেন দীপু মনি।

আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ পোশাকশিল্পে ১ শতাংশ উৎসে কর আরোপ না করার দাবি জানান। তিনি অভিযোগ করেন, মানুষ হোটেলে খেতে গিয়ে ভ্যাট দেয়। কিন্তু সব ভ্যাট কোষাগারে জমা হয় না। সব কোষাগারে জমা হলে আদায় দুই–তিন গুণ বাড়বে। তিনি কর দিতে আগ্রহী করতে করদাতারা যে কর দেন, সেটার ১০ শতাংশ ব্যক্তির বয়স ৬০ হওয়ার পর পেনশন হিসেবে দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ব্যাংক হিসাবে আবগারি শুল্ক বাড়ানো হলে জনগণের সঙ্গে দূরত্ব বাড়বে।

সরকারদলীয় সদস্য আনোয়ারুল আবেদিন বলেন, ব্যাংক আমানতে আবগারি শুল্কে ছাড় দিলে ভালো হয়। সামান্য লাভের জন্য মানুষকে ব্যাংকবিমুখ করা ঠিক হবে না।

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিমা বেগমও ব্যাংক হিসাবে বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহার এবং সঞ্চয়পত্রে সুদের হার না কমানোর দাবি জানান।