সংসদে আয়েশে সাংসদেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢিলেঢালা ও প্রাণহীন একটি বৈঠক কাটাল দশম জাতীয় সংসদ। গতকাল বৃহস্পতিবার আসনে বসে সাংসদদের অনেকেই ব্যক্তিগত কাজে ব্যস্ত থেকেছেন। অনেকেই ঝিমিয়েছেন। কেউ কেউ আসনে বসেই ঘুমিয়ে পড়েন।
গতকাল বৃহস্পতিবার ছিল জাতীয় সংসদের বেসরকারি দিবস। দশম জাতীয় সংসদের চতুর্থ কার্যদিবস। অধিবেশন শুরু হয় আট মিনিট বিলম্বে বিকেল চারটা ৩৮ মিনিটে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদে প্রবেশ করেন এর তিন মিনিট পর।
বেশির ভাগ সাংসদ পুরো অধিবেশনে অলস ভঙ্গিতে অধিবেশনকক্ষ ও লবিতে আসা-যাওয়া করে সময় কাটান। রাত পৌনে আটটার দিকে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। এ সময় সংসদ নেতা শেখ হাসিনার সারিতে শুধু তিনি এবং আমির হোসেন আমু ও মতিয়া চৌধুরী বসে ছিলেন। এই সারির বাকি সাতটি আসনই খালি ছিল।
অধিবেশনকক্ষে ঢুকেই চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এর ঘণ্টা খানেক পর ঘুমিয়ে পড়েন আরেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও। রাত আটটার দিকেও তাঁদের ঘুমাতে দেখা যায়। এ ছাড়া ঘাড় কাত করে অল্পবিস্তর ঘুমাতে দেখা গেছে সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। তবে মাগরিবের নামাজের বিরতির পর সাংসদের কেউ কেউ আর অধিবেশনকক্ষে ফিরে আসেননি। প্রশ্নোত্তর পর্বে নিজের প্রশ্নটি উত্থাপন করেই স্বতন্ত্র জোটের নেতা হাজি সেলিম আসন ছেড়ে উঠে যান।
নিজের আসনে বসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেশ কিছুক্ষণ ধরে খবরের কাগজ পড়েছেন। সংসদের কার্যপ্রণালিবিধি অনুযায়ী বৈঠক চলার সময় পত্রিকা পড়া নিষেধ। শ্রমমন্ত্রী মোশাররফ হোসেনকে মুঠোফোনে ব্যস্ত থাকতে দেখা যায়। মুঠোফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা গেছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে। এরপর তিনি বিমানমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন। ক্ষমতাসীন দলের হাবিব এ মিল্লাতকে দেখা গেছে আইপ্যাড অথবা ট্যাবে কিছু একটা পড়তে।
বেশ কয়েকজন সাংসদ নিজেদের আসন ছেড়ে অন্যের আসনে বসে পাশের জনের সঙ্গে খোশগল্প করেছেন। সাংসদ ইমরান আহমেদকে সাবেক মন্ত্রী দীপু মনির পাশের আসনে বসে গল্প করতে দেখা গেছে।