সংসদে উত্থাপিত অর্পিত সম্পত্তি আইন প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সংসদে উত্থাপিত অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ (সংশোধন) আইন, ২০১০ প্রত্যাখ্যান করেছে। পরিষদ অবিলম্বে তাদের দেওয়া সাত দফা প্রস্তাবের আলোকে আইন সংশোধন করে তা পাস করার দাবি জানিয়েছে।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরিষদ এ দাবি জানায়। পরিষদের সহসভাপতি বাসুদেব ধর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। আইনজীবী সুব্রত চৌধুরী প্রস্তাবিত আইনের বিভিন্ন অসংগতি তুলে ধরেন।পরিষদের নেতারা সংবাদ সম্মেলনে বলেন, ২০০১ সালে প্রণীত অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের সঙ্গে মূল মালিকের উত্তরাধিকারের পাশাপাশি সহ-অংশীদার, একই সম্প্রদায়ভুক্ত শরিকদার, একই পরিবারের সদস্য, মূল মালিক কিংবা তাদের উত্তরাধিকার দ্বারা বৈধভাবে বিক্রি করা জমির মুসলিম মালিকদের অধিকার সুনিশ্চিত করার ব্যবস্থা রাখতে হবে।সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ১৯৭৪ সালের ২৩ মার্চের সেন্সাস তালিকা অনুযায়ী গেজেট প্রকাশের দাবি করা হয়। এ ছাড়া এ সময়ের পর অবৈধভাবে আরএস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে যেসব সম্পত্তি খতিয়ানভুক্ত করা হয়েছে, তা আইন অনুযায়ী অর্পিত সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়। ২০০১ সালের আইনে ‘অর্পিত সম্পত্তির দাবিদারকে অব্যাহতভাবে বাংলাদেশের নাগরিক হতে হবে’ শব্দগুলো বাদ দেওয়ার দাবি করা হয়।পরিষদের নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্য পরিষদের এসব দাবির সঙ্গে একমত পোষণ করলেও অজ্ঞাত কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকারের করা আইনটিই হুবহু সংসদে উত্থাপন করা হয়েছে, যেখানে সাত দফার কোনো প্রতিফলন হয়নি। ১৯৮৪ সালের ২১ জুনের পর আর কোনো সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত না করার সরকারি আদেশ থাকলেও আজও তা অব্যাহত আছে। সংবাদ সম্মেলনে বলা হয়, অর্পিত সম্পত্তির সংজ্ঞা কী হবে, তা নির্ধারণ না করে অর্পিত সম্পত্তি (প্রত্যার্পণ) আইন করা হলে জটিলতা আরও বাড়বে এবং নাগরিক সম্প্রীতি নষ্ট হবে।সুব্রত চৌধুরী বলেন, বর্তমান অবস্থায় অর্পিত সম্পত্তি (প্রত্যার্পণ) আইন পাস হলে ৪৫ বছর ধরে চলে আসা দুর্বৃত্তায়ন প্রক্রিয়াকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার কাজটি পাকাপোক্ত হবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অনিল চন্দ্র নাথ, মঞ্জু ধর, তাপস কুমার পাল, নির্মল চ্যাটার্জি, মিলনকান্তি দত্ত, রমেন মণ্ডল জয়ন্ত কুমার দেব, সুখেন্দু শেখর বৈদ্য, রবীন্দ্রনাথ বসু ও মিহির রঞ্জন হাওলাদার উপস্থিত ছিলেন।