সংসদে উপাচার্যকে বরখাস্তের দাবি জিয়াউদ্দিনের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে বরখাস্তের দাবি করেছেন জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গতকাল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি এ দাবি করেন।
তবে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এই সাংসদকে ভর্ৎসনার সুরে বলেন, ‘আপনি এ কোন ধারায় কথা বললেন? এটা তো পয়েন্ট অব অর্ডার হলো না। আপনি যদি এ বিষয়ে একটি নোটিশ দিতেন, সে ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারতাম। কিন্তু এখন আপনি যা বললেন, সে বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না।’
অনির্ধারিত আলোচনায় জিয়াউদ্দিন বলেন, ‘গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। সেদিন তারা একটি স্মরণিকা বের করেছে। সেখানে লেখা হয়েছে “শেখ মুজিবুর রহমান”। “বঙ্গবন্ধু” লেখেনি। এটি অফিশিয়াল স্টেটমেন্ট। এটি কি লিখতে পারে? আরও বলেছে, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে এটা আমার গায়ে লেগেছে। স্মরণিকায় ভাইস চ্যান্সেলর (উপাচার্য) সই করেছেন। এটা নিয়ে ছাত্ররা বিক্ষোভ করেছে।’
জিয়াউদ্দিন আরও বলেন, ‘ওই ঘটনায় রেজিস্ট্রারকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু এর জন্য রেজিস্ট্রার একা দায়ী নন। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছে। যিনি বঙ্গবন্ধুকে স্বীকার করেন না, তিনি ওই পদে কীভাবে থাকেন? অবিলম্বে তাঁর পদত্যাগ চাই।’