সংসদে এক-তৃতীয়াংশ নারী আসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা ও নারী আসন সংখ্যা এক-তৃতীয়াংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংসদের চলতি অধিবেশনেই এই বিল উত্থাপনের দাবি জানিয়েছে পরিষদ।

আজ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় সরকারের কাছে এই সুপারিশ করা হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

দেশের সব রাজনৈতিক দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি কমিটি, সাব-কমিটি ও সহযোগী অঙ্গসংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে ৩৩ শতাংশ নারীকে মনোনয়ন দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সভায় মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, দেশে নারীর ক্ষমতায়নে যথেষ্ট অগ্রগতি হলেও এখনো অনেক জায়গায় নারীর প্রান্তিক অবস্থান রয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী, বতর্মান ও সাবেক বিরোধীদলীয় নেতা, স্পিকার নারী হলেও জাতীয় সংসদ ও রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অবস্থান এখনো প্রান্তিক।

আয়শা খানম আরও বলেন, সংসদে এখনো নারী ককাস বলে কিছু নেই। তিনি দাবি করেন, রাষ্ট্রের নিরাপত্তাজনিত কিছু বিষয় ছাড়া বাকি সব বিষয়ে নারী-পুরুষনির্বিশেষে সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ দিতে হবে।

মতবিনিময় সভায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, তিনি মহিলা পরিষদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। নারীর ক্ষমতায়ন যতটা না নিজের জন্য, তার চেয়ে বেশি সমাজের জন্য দরকার। বতর্মানে যাঁরা নারী সাংসদ আছেন, তাঁরা নারীর ক্ষমতায়নের জন্য কোনো অবদান রাখছেন না। এই ৫০ জন সাংসদ যেন সমষ্টিগতভাবে নারীদের পক্ষে কথা বলেন, সে জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করতে হবে। তাঁদের উদ্বুদ্ধ করতে হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম খুবই কার্যকর মাধ্যম। নারীর ক্ষমতায়নের দাবিদাওয়া ও আন্দোলন ফেসবুক, টুইটার বা অনলাইন মাধ্যমে প্রচার করে সামাজিক গতিশীলতা বাড়ানো যেতে পারে।

মাহফুজ আনাম আরও বলেন, রাজনৈতিক দলগুলো এখনো মনে করে, নারীদের দাবিদাওয়া অগ্রাহ্য করলে রাজনৈতিকভাবে তাদের কোনো ক্ষতি হবে না। এজন্য রাজনৈতিক দলগুলোর কাছে এ ধরনের বার্তা পৌঁছাতে হবে, যাতে তারা নারীদের অগ্রাহ্য করার সুযোগ না পায়। এ জন্য ‘ভোটিং ব্লক’ হিসেবে নারীদের তৈরি করতে হবে। পণ্যের ক্রেতা হিসেবে নারীদের ক্ষমতা আছে। এই ক্ষমতা তাঁদের প্রয়োগ করতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই নারীদের ভোটাধিকার আছে। কিন্তু এখনো অনেক নারী নিজের ইচ্ছামতো ভোট দিতে পারেন না। অনেক জায়গায় নারীরা ভোটকেন্দ্রে যেতে পারেন না। দেশের সর্বত্র নারীর ভোটকেন্দ্রে যাওয়া নিশ্চিত করতে হবে।

সভায় মহিলা পরিষদের লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির প্রোগ্রাম ডিরেক্টর (অ্যাডভোকেসি অ্যান্ড লবি) জনা গোস্বামী। লিখিত বক্তব্যে বলা হয়, নারী সাংসদদের সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য এলাকা ও অর্থ বরাদ্দ রাখতে হবে। প্রশাসনিক কাঠামোর সব স্তরে, দূতাবাসগুলোতে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পরিকল্পনা কমিশনসহ সব পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানো হতে হবে। সরকারি বিধি অনুসারে কোটা পূরণের বিশেষ উদ্যোগ নিতে হবে।

মতবিনিময়ে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ। আলোচনা করেন জাতীয় মহিলা সমিতির সভাপতি মাজেদা শওকত আলী, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজ হক, উইমেন ফর উইমেনের রাশেদা আখতার খানম প্রমুখ।