সংসদে এখন খিস্তি-খেউড় শুনতে হয় না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদ এখন প্রাণবন্ত ও কার্যকর। এটা প্রমাণিত। নবম সংসদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, নবম জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যরা অশালীন বক্তব্য দিতেন। এতে মাথা হেঁট হয়ে যেত।...এখন আর সংসদে খিস্তি-খেউড় শুনতে হয় না।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের সমাপনী দিন ছিল আজ। গত ১৯ জানুয়ারি এই অধিবেশন শুরু হয়েছিল।
এ সময় বিএনপি ও তার চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি আন্দোলন চালাতে ব্যর্থ হয়েছেন। তিনি ‘ধ্বংসের রানি’। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির ঘুষ-দুর্নীতির অভ্যাস এমন অবস্থায় গেছে যে, তারা জয়ের (প্রধানমন্ত্রীর ছেলে) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এফবিআই কর্মকর্তাকে পর্যন্ত ঘুষ দিয়ে কিনে ফেলে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আর বিএনপির নেত্রী দেশের ভাবমূর্তি নষ্ট করেন। তিনি বলেন, ‘আমরা সৃষ্টি করব। আর উনি ধ্বংস করবেন, এটাই যেন তাঁর খেলা। ওনার সফলতা জঙ্গিবাদ, সন্ত্রাস, লুটপাট ও দুর্নীতি করায়।’

প্রধানমন্ত্রী হরতালের নামে দেশের পরীক্ষার্থীদের ক্ষতির জন্য খালেদা জিয়াকে দায়ী করেন। তিনি বলেন, খালেদা জিয়া নিজের নাতনিদের পরীক্ষার কথা বলে বিদেশে পাঠিয়ে দিলেন। অথচ দেশের ছেলেমেয়েদের কথা একবারও ভাবলেন না। তিনি প্রশ্ন করেন, ‘উনি কেমন মা? উনি তো ছেলের কবর দেখতেও গেলেন না।’ এর সঙ্গে প্রধানমন্ত্রী যুক্ত করেন, ‘উনি ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে গেলেন না, ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে গেলেন না।...উনি দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। এ জন্যই উনি দেশের অগ্রযাত্রা সহ্য করতে পারেন না।’