সংসদে কৃষিমন্ত্রীর আবার বিবৃতি
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গতকাল বুধবার আবারও প্রথম আলোর একটি প্রতিবেদনের বিষয়ে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছেন। এ সময় তিনি তাঁর দেওয়া বক্তব্যের বিষয়ে বুধবার প্রথম আলোতে প্রকাশিত জবাবকে অসত্য বলে উল্লেখ করেছেন।
গত মঙ্গলবার কৃষিমন্ত্রী ৩০০ বিধিতে গত ২৭ মে প্রথম আলোয় প্রকাশিত কলের লাঙলে কৃষককে সরকারের দেওয়া ভর্তুকি-সংক্রান্ত একটি সংবাদের প্রতিবাদ করেন। তিনি সংসদে ওই প্রতিবেদনের ভিত্তিতে কৃষি মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।
কৃষিমন্ত্রী গতকাল বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াদুদ ২ জুন ছয়টা ৪৮ মিনিটে প্রথম আলোর সংবাদদাতাকে তাঁর মোবাইলে ফোন করেন। পরদিন তিনি আটটা ৩০ মিনিটে আবারও তাঁকে ফোন দেন।’ তখন প্রথম আলোর সংবাদদাতা বলেন, ‘আমি খুব ব্যস্ত। বাড়ি চলে যাচ্ছি।’ সুতরাং তদন্ত কমিটি প্রথম আলোর সংবাদদাতাকে ডাকেনি, এটা অসত্য।
মতিয়া চৌধুরী বলেন, আসলে যে কারও ভুল হতেই পারে। যেহেতু কাগজ আছে এবং কাগজ একেবারে অভ্রান্ত, সত্যের ওপর সত্য প্রমাণ করার এই প্রবণতা না থাকা ভালো। তিনি বলেন, ‘উনারা কী তদন্ত করে কী প্রতিবেদন পাঠাবেন, আমি সত্যের মুখোমুখি হতে প্রস্তুত। আমি সত্যের মুখোমুখি হতে ভয় পাই না।’