সংসদে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেছেন মহাজোটের সাংসদেরা। তাঁরা বলেছেন, খালেদা জিয়া সরকার ও সংসদকে অবৈধ বলে অসাংবিধানিক সরকারকে আমন্ত্রণ জানিয়েছেন।
সাংসদেরা এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করলে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘অনেকে অনেক কথা বলেন, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। আমরা সংবিধান মেনে চলব।’
গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, ২৭ অক্টোবর থেকে সরকার অবৈধ। গতকাল মাগরিবের নামাজের বিরতির পর জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল পয়েন্ট অব অর্ডারে এক অনির্ধারিত আলোচনায় এ বিতর্কের সূত্রপাত করেন। এ সময় আমির হোসেন আমু বলেন, জামায়াতের হাতে বিএনপি জিম্মি। তারা গণতন্ত্রের নামে আন্দোলন চালিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্র আফগানিস্তান ও ইরাক বানাতে চায়।
তোফায়েল আহমেদ বলেন, রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত নিয়ে বিরোধীদলীয় নেতার বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ফোন করেছেন। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে দেশবাসী ব্যাপক সমর্থন জানাচ্ছে এবং বিরোধীদলীয় নেতার সিদ্ধান্তকে ভুল হিসেবে আখ্যায়িত করছেন।
বিরোধীদলীয় নেতার উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘অল্পবিদ্যা ভয়ংকরী তাঁকে আমি বলব না। তবে “লিমিটেড ল্যাংগুয়েজ” নিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না।’ সংবিধানের ২১ ও ৭(ক) অনুচ্ছেদের দিকে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সংসদের মেয়াদ প্রথম বৈঠক থেকে পাঁচ বছর অর্থাৎ ২৪ জানুয়ারি পর্যন্ত। আর নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্তমান সরকার তার দায়িত্ব পালন করবে।
খালেদা জিয়াকে উদ্দেশ করে রাশেদ খান মেনন বলেন, সংবিধান, সরকার ও জাতীয় সংসদকে তিনি অস্বীকার করেছেন। শুধু তাই নয়, তিনি নিজেকেও অস্বীকার করেছেন। সরকারকে অস্বীকারের মধ্য দিয়ে খালেদা জিয়া কী চাচ্ছেন? তিনি কি ‘কাউন্টার রেভ্যুলেশনের’ চেষ্টা করছেন?
মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘এ দেশে রাজতন্ত্র না থাকলেও কাউকে কাউকে রানি বানিয়ে ফেলেছি, যাঁরা আইন-আদালতের ঊর্ধ্বে। বিষয়টির দিকে সংসদের নজর দেওয়া উচিত।’ অনির্ধারিত আলোচনায় আরও অংশ নেন শেখ ফজলুল করিম সেলিম ও জাতীয় পার্টির মুজিবুল হক।