সংসদে খালেদা-তারেকের কঠোর সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপতি বলায় গতকাল মঙ্গলবারও সংসদে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের সমালোচনা করেছেন সরকারদলীয় সাংসদেরা। তাঁদের দাবি, খালেদা জিয়া মহানায়কের জায়গায় খলনায়ককে প্রতিস্থাপনের চেষ্টা করছেন।
গতকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় দুজন সাংসদ খালেদা জিয়া ও তারেক রহমানের কঠোর সমালোচনা করেন। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আওয়ামী লীগের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কে প্রথম রাষ্ট্রপতি, তা নিয়ে তিনি ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করছেন। খালেদা জিয়া মহানায়কের জায়গায় খলনায়ককে প্রতিস্থাপনের চেষ্টা করছেন। তারেক রহমান লন্ডনে বসে ইতিহাস বিকৃতির যে তালুকদারি নিয়েছেন, জনগণ তা গ্রহণ করে না। হত্যা ও দুর্নীতির কারণে তিনি মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। খুনির মা সন্তানকে সমর্থন করছেন।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানান সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, শীর্ষ দুর্নীতিবাজ খালেদা জিয়া ও তাঁর দুই পুত্রসহ জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোকে আরও বেগবান করতে হবে।
তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, জামায়াত-হেফাজতের ইমামদের পেছনে নামাজ পড়া জায়েজ হবে না। তাই কোনো মসজিদে যেন জামায়াত-হেফাজতের কেউ ইমাম থাকতে না পারে, ধর্ম মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। তিনি ভারতকে ট্রানজিট দেওয়ার দাবি জানান।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় আরও অংশ নেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, ইয়াহিয়া চৌধুরী, তালুকদার মো. ইউনুস, রহিম উল্লাহ, নাসিমা ফেরদৌসি, পিনু খান প্রমুখ।