'সংসদে গণতান্ত্রিক চর্চার নজির স্থাপিত হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) গঠনমূলক দায়িত্ব পালন করছে। গণতান্ত্রিক চর্চা কীভাবে সুষ্ঠুভাবে করা যেতে পারে, এই সংসদে তার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কণ্ঠভোটে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়।

অবশ্য প্রধানমন্ত্রীর বক্তব্যের ঠিক আগেই বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেন, টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আমাদের মন্ত্রীগুলোকে উইথড্র করে নেন। আমাদের বিরোধী দলের ভূমিকা পালন করতে দেন। কিন্তু আমি জানি না কেন সেটা হয়নি।’

প্রায় এক ঘণ্টার বক্তব্যে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার বক্তব্যের এ প্রসঙ্গের কোনো জবাব দেননি। বিরোধী দলকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল অত্যন্ত গঠনমূলক আলোচনা করছে, গঠনমূলক সমালোচনা করছে। আমাদের যতগুলো বিল আসছে; সেগুলো তারা দেখছে, সেখানে সব ধরনের সংশোধনী নিয়ে আসছে। সেই সংশোধনী আমরা গ্রহণ করছি।’

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে, দেশকে উন্নত-সমৃদ্ধ করতে চেষ্টা করেছে। ১৯৯৬-২০০১ ছিল স্বর্ণযুগ। ২০০৯ সালে আবার ক্ষমতায় যখন আসে, তখন ছিল বিশ্বমন্দা। সরকারের প্রচেষ্টা ছিল যেন মন্দার ছোঁয়া না লাগে। সরকারের প্রচেষ্টায় প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ ভাগে উন্নীত হয়েছে। অর্থনৈতিক অগ্রগতি সূচকে বিশ্বের পাঁচটি দেশের মধ্যে এখন একটি বাংলাদেশ। ক্রয়ক্ষমতায় বাংলাদেশ এখন ৩২তম অবস্থানে। দেড় কোটির ওপরে মানুষের কর্মসংস্থান করেছে এই সরকার।

পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে সেতুর দুটি স্প্যান বসে গেছে। এই সেতু নিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। তবে যে অভিযোগ তোলা হয়েছিল, তা যে গালগপ্প ছিল, তা কানাডার আদালতে প্রমাণিত হয়েছে।

সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন নতুন সরঞ্জামাদি কিনে দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগোপযোগী করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শান্তি চাই, কারও সঙ্গে যুদ্ধ চাই না। কিন্তু কেউ যদি আক্রমণ করে যাতে তা মোকাবিলা করা যায়, তার উপযুক্ত জবাব দেওয়া যায় তার জন্য সব বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে।’