সংসদে গান-বাজনা কবিতা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সংসদে জনগণের সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না। সেখানে গান, বাজনা, কবিতা চলছে। তিনি জাতীয় সংসদকে ‘সঙদের আড্ডাখানা’ আখ্যায়িত করেন।
গতকাল রোববার জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতারে যোগ দিয়ে খালেদা জিয়া এ কথা বলেন। রাজধানীর গুলশানের একটি হোটেলে ওই ইফতারের আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসন বলেন, তাঁরা সরকারের সঙ্গে আলোচনা চান। কিন্তু কথা বলে কোনো ফল পাওয়া যাবে বলে তাঁদের মনে হয় না। আলোচনা না করলে আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা ছাড়া উপায় থাকবে না। তিনি বলেন, ‘এ সরকারকে সরিয়ে একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। এ জন্য প্রয়োজন আন্দোলন।’ তিনি আবারও ঈদের পর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
খালেদা জিয়া অভিযোগ করেন, দেশে পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কারও কোনো নিরাপত্তা নেই। প্রতিনিয়ত হত্যা, গুম-খুন চলছে। মানুষ বন্দিদশায় আছে।
বিএনপি নেতৃত্বাধীন জোট ১৮ দল থেকে ১৯ এবং এখন ২০ দলে রূপান্তরিত হয়েছে উল্লেখ করে খালেদা বলেন, আরও অনেক দল তাঁদের সঙ্গে যোগাযোগ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির এ অংশের সভাপতি কাজী জাফর আহমদ। অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, আবদুল মঈন খানসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর নেতারা অংশ নেন।