সংসদে জনগুরুত্বপূর্ণ নোটিশের বেশির ভাগই বাতিল হয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জানমালের নিরাপত্তা বিধানের ব্যবস্থা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে পুলিশ ফাঁড়ি স্থাপন—এ ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি দলের সাংসদদের প্রস্তাবও গ্রহণ করা হয়নি জাতীয় সংসদে। গত দুই বছরে ১৯০ কার্যদিবসে সাংসদেরা চার হাজারের বেশি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ জমা দিলেও সংসদ তা গ্রহণ করেনি। এভাবে সংসদের কার্যক্রমে ক্রমশ গুরুত্ব হারিয়ে ফেলছে জনগুরুত্বপূর্ণ ৭১ বিধিতে দেওয়া নোটিশগুলো।সাংসদদের দেওয়া নোটিশগুলো থেকে প্রতিদিন তিনটি করে গ্রহণ করা হয়। কিন্তু জনগুরুত্বপূর্ণ বিষয় হলেও বেশির ভাগ ক্ষেত্রেই আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা রাস্তাঘাটের দুরবস্থা বিষয়ে দেওয়া নোটিশগুলো আমলে নেওয়া হয় না। অনেক বাতিল নোটিশের মধ্য থেকে প্রতিদিন কয়েকজন ভাগ্যবান মাত্র দুই মিনিটের মধ্যে তাঁদের নোটিশ সংসদে তুলে ধরার সুযোগ পান। এগুলো সংগত কারণেই সরকারের যথাযথ মনোযোগ লাভে ব্যর্থ হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের সদস্যরা সংসদে না গেলেও প্রতিদিনই জনগুরুত্বপূূর্ণ বিষয়ে নোটিশ জমা দিতেন। অনেক দিন পর সংসদে ফিরে তাঁরা ৭১ বিধিতে আরও বেশি নোটিশ জমা দিচ্ছেন। দিনে গড়ে বিরোধী দল থেকেই ১৫টি করে নোটিশ জমা পড়ছে। এখন অবশ্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সুবিধার্থে নোটিশগুলো স্থগিত করা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়ে অনীহা: শুধু চলতি সংসদই নয়, গত চারটি সংসদের ৭১ বিধির জনগুরুত্বপূর্ণ নোটিশের চিত্র ছিল প্রায় একই। অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ কিন্তু সরকারের জন্য বিব্রতকর নয় এমন বিষয়েই আলোচনা হয়েছে বেশি। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অনাগ্রহ ছিল সব সরকারের আমলেই। আওয়ামী লীগের প্রবীণ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘সংসদে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে, হওয়া উচিত। সরকারি দলের সদস্যরাও এখন নানা সমস্যা, জটিলতার চিত্র সংসদে উপস্থাপন করছেন। এটা সংসদীয় গণতন্ত্রের ইতিবাচক দিক।’সাবেক আইনমন্ত্রী বিএনপির নেতা মওদুদ আহমদ বলেন, ‘জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাংসদদের নোটিশের ওপর আলোচনা করতে দিতে হবে। নইলে সংসদ কার্যকর করা যাবে না।’এ ব্যাপারে প্রথম আলোর প্রশ্নের জবাবে স্পিকার আবদুল হামিদ বলেন, সব নোটিশ গ্রহণ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘৭১ বিধিতে প্রতিদিনই ৩০ থেকে ৫০টি পর্যন্ত নোটিশ জমা পড়ছে। এর মধ্যে তিনটি করে নোটিশ প্রতিদিন গ্রহণ করা হয়। তবে বাতিলগুলোর মধ্য থেকে প্রতিদিন ১৫ জন সাংসদ তাঁদের নোটিশের ওপর দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পান। সব নোটিশই কোনো না কোনো দিক থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু সব তো গ্রহণ করা সম্ভব নয়।’এক দিনের চিত্র: গত ২৭ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে ৭১ বিধিতে ৩৫টি মনোযোগ আকর্ষণী নোটিশ জমা পড়ে। এর মধ্যে ১০টি ছিল বিরোধীদলীয় সদস্যদের। বিরোধী দলের ওই সাংসদেরা অধিবেশনে উপস্থিত না থাকায় এসব নোটিশের নাম ডেকেই স্পিকার তা উত্থাপিত হয়নি বলে ঘোষণা করেন। বাকি ২৫টি নোটিশ ছিল সরকারি দলের সদস্যদের। এর মধ্যে ১১টি ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির কথিত অবনতির কারণে পুলিশ ক্যাম্প ও পুলিশ ভ্যানের দাবি নিয়ে। বাকি ১১টি ছিল রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে, কিন্তু এসব নোটিশ গ্রহণ করা হয়নি। ওই দিন গ্রহণ করা তিনটি নোটিশ ছিল সিরাজুল আকবরের ‘মাগুরার একমাত্র শিল্প স্থাপনা মাগুরা টেক্সটাইল বন্ধ থাকা’, জাহানারা বেগমের ‘ছাগলনাইয়া মহামায়া ঘাটের ব্রিজ করা’ এবং মঞ্জুর কাদের কোরাইশীর ‘বাংলাদেশের সকল ব্যাংকের চেক বই বাংলা ভাষায় রূপান্তর করা’ নিয়ে।একই দিন শহীদুজ্জামান সরকারের নওগাঁ জেলার পত্নীতলার রাস্তার দুরবস্থা, ফজলুল আজিমের নোয়াখালী জেলার হাতিয়ার অসম্পূর্ণ রাস্তা পাকা করা, আবদুল্লাহ আল ইসলামের জলদস্যুদের হাত থেকে জেলেদের রক্ষা করা কিংবা সৈয়দা আশিফা আশরাফীর চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার প্রস্তাব গুরুত্ব পায়নি।সংসদ বিশেষজ্ঞ এ টি এম ওবায়দুল্লাহ এ বিষয়ে বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বাংলাদেশে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রস্তাব গুরুত্ব দিয়ে দেখা হয় না। অথচ এটি সংসদের প্রতিদিনের অন্যতম নির্ধারিত কাজ। প্রতিদিন এ ধরনের অন্তত একটি বিষয়ে আলোচনা হতে পারে।’