সংসদে ডিএনএ পরীক্ষা ও সংরক্ষণ বিল পেশ
অপরাধী শনাক্ত করা, পিতৃত্ব-মাতৃত্ব নিরূপণ বা মরদেহ শনাক্ত করার মতো কাজে ডিএনএ পরীক্ষা ও সংরক্ষণের জন্য আইন প্রণয়নের প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে৷ গত বছরের ২ সেপ্টেম্বর এ-সংক্রান্ত বিল মন্ত্রিসভায় অনুমোদিত হয়৷
গতকাল সোমবার বেলা ১১টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর এ-সংক্রান্ত ‘ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) বিল-২০১৪’ উত্থাপন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ৷ পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়৷
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মেহের আফরোজ বলেন, ‘ডিএনএর প্রোফাইলিং পরীক্ষার মাধ্যমে ধর্ষণ, হত্যা প্রভৃতি জঘন্যতম অপরাধের অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব-মাতৃত্ব, ভাইবোন সম্পর্ক নির্ণয়, বিদেশে অধিবাসী হতে ইচ্ছুকদের প্রয়োজনীয় ডিএনএ পরীক্ষা অথবা বংশের ধারা প্রমাণ এবং বিচ্ছিন্ন বা বিকৃত মৃতদেহ শনাক্ত করা যায়৷’
প্রস্তাবিত আইনে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন ও জাতীয় েডটাবেইস প্রতিষ্ঠা এবং এই আইনের উদ্দেশ্য পূরণে ‘ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর’ স্থাপন করার প্রস্তাব করা হয়েছে৷ বিলে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ, বিশেষজ্ঞসহ বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে৷