সংসদে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বিল পাস
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বিল, ২০১২ গতকাল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। কণ্ঠভোটে বিলটি পাস হয়।ঢাকা মহানগরের পরিবহনব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকীকরণে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলাকে অন্তর্ভুক্ত করতে এই বিল পাস করা হয়েছে। বিল অনুযায়ী যোগাযোগমন্ত্রীকে প্রধান করে ৩০ সদস্যের একটি পরিষদ গঠন করা হবে।ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র; সাভার, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টঙ্গী ও নরসিংদী পৌরসভার মেয়র; সরকার মনোনীত ঢাকার দুজন সাংসদ; সড়ক, রেলপথ ও সেতু বিভাগের সচিব; এলজিআরডি, নৌপরিবহন, স্বরাষ্ট্র ও পরিবেশ সচিব; পুলিশের মহাপরিদর্শক; সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী; রেলওয়ের মহাপরিচালক; বিআরটিসি, বিআরটিএ, বিআইডব্লিউটিএ ও রাজউকের চেয়ারম্যান; ঢাকা বিভাগীয় কমিশনার; বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি; বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি পদাধিকার বলে এই পরিষদের সদস্য হবেন।গত ২৩ নভেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।