সংসদে তোপের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে এলাকায় পুলিশ ফাঁড়ি ও গাড়ি বরাদ্দের নিষ্ফল দাবি জানিয়েছেন সাংসদেরা। তাঁদের দাবি ছিল পুলিশ ফাঁড়ি, গাড়ি ও ফায়ার সার্ভিসের। জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ না দেওয়ায় আপাতত কাজটি করা সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার এসব নিয়ে সরকারি দলের সাংসদদের তোপের মুখে পড়েন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তবে এর পুরো দায় তিনি অর্থ মন্ত্রণালয়ের ওপর চাপিয়ে দিয়ে বিষয়গুলো এড়িয়ে যান।একপর্যায়ে স্পিকার আবদুল হামিদ বলেন, সবকিছুর জন্যই যদি মন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের কথা বলেন, তাহলে আর প্রশ্ন করে কী লাভ। শুধু কি অর্থের জন্যই কাজ করা যাচ্ছে না? অর্থ তো অনেক সময় অনর্থের মূলও হয়ে যায়।একপর্যায়ে স্পিকার বলেন, ‘মন্ত্রীদের কাছে হাওর এলাকার থানাগুলোর জন্য বারবার স্পিডবোট চাইতে চাইতে যৌবনকাল পেরিয়ে বৃদ্ধ হয়ে গেলাম, তবু পেলাম না।’ জবাবে প্রতিমন্ত্রী বলেন, অর্থ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি দেখা হবে। ব্রাহ্মণবাড়িয়ার শাহ জিকরুল আহমেদ তাঁর এলাকায় একটি পুলিশভ্যান দাবি করলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থ পাওয়া গেলে দেওয়া হবে।’ আবু তালহা, তহুরা আলী, সাধনা হালদারসহ পাঁচ-ছয়জন সাংসদ এলাকায় পুলিশভ্যান ও ফাঁড়ি চাইলেও মন্ত্রী অর্থ বরাদ্দ না থাকার কথা বলেন। জনসংখ্যার তুলনায় পুলিশের জনবল অপর্যাপ্ত নয়: সাংসদ এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের জনবল পর্যাপ্ত নয়। বর্তমানে পুলিশ ও জনসংখ্যার অনুপাত ১: ১১২৭। পুলিশের জনবল বাড়ানোর কাজ চলছে। সাংসদ শাহীন মনোয়ারা হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে ৩২ হাজার ৩১ জন লোকবল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন পদে ১৫ হাজার ৭৫৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ হাজার ১৫৫ জনের নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আরও ৮৪৯ জনের নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে ঢাকা মহানগরে গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দমকল বাহিনীতে আধুনিক সরঞ্জাম সংগ্রহে এখন পর্যন্ত ১৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন আরও সরঞ্জাম কেনার জন্য ১৬২ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প প্রস্তাব বর্তমানে পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন আছে।শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গত তিন বছরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জরিমানা বাবদ ৬৮ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকা আদায় করেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সামুদ্রিক জলসীমায় কোস্টগার্ডের কার্যক্রম বাড়াতে ৪৬০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের জলযান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে জাতিসংঘ মিশনে দুই হাজার ৫০ জন পুলিশ সদস্য কর্মরত আছেন বলেও জানান তিনি।