সংসদে দাঁড়িয়ে ক্রসফায়ারের দাবি তুললেন ফিরোজ রশীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতনকারীদের বিচারের আওতায় না নিয়ে ক্রসফায়ারে গুলি করে মেরে ফেলার দাবি করেছেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ। গতকাল মঙ্গলবার সংসদের অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, আইনের আশ্রয় নয়, এ নরপশুদের একমাত্র শাস্তি ক্রসফায়ারে গুলি করে মেরে ফেলা।
তবে ফিরোজ রশীদের বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘দিস গভর্নমেন্ট ডাজ নট বিলিভ ইন ক্রসফায়ার (এ সরকার ক্রসফায়ারে বিশ্বাস করে না)।’
আলোচনায় ফিরোজ রশীদ সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের তথ্য তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘শিশু নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, অপহরণ, স্কুলের শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও হত্যা করা হচ্ছে অকল্পনীয়ভাবে। প্রতিদিন এসব চিত্র দেখতে হচ্ছে গণমাধ্যমে। স্বাধীন দেশে এটা কাম্য হতে পারে না। জঙ্গিদের দমনে সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে। গোটা দেশের মানুষ স্বস্তিতে আছে।...জঙ্গিদের ধরে গুলি করে মারার পর কোনো মানবাধিকার সংগঠন এগিয়ে আসেনি। তাদের যদি গুলি করতে পারি, দেশ, সমাজ ও সভ্যতাকে রক্ষায় নরপশুদের ক্রসফায়ারে দিতে বাধা কোথায়? দেশ বাঁচাতে হলে ওই নিষ্ঠুর আচরণ করতেই হবে সরকারকে। কেউ ধরা পড়ার পর তাকে কেন আইনের আওতায় দেব? এ-সংক্রান্ত মামলার চার্জশিট হয় না। ডাক্তারের সার্টিফিকেট আসে না। তাই সংসদে বলতে চাই, এসব নরপশুকে আইনের আশ্রয়ে নয়, তাদের একমাত্র শাস্তি ক্রসফায়ারে গুলি করে মেরে ফেলা। এক-দুজনকে মেরে ফেলেন, তাদের মারতেই হবে।’
১৬ কোটি মানুষকে বাঁচাতে হলে ক্রসফায়ার চালাতে হবে বলে দাবি করেন ফিরোজ রশীদ। তিনি বলেন, এসব নরপশুকে যদি না মারা হয়, একজনও বাঁচবে না। সেদিন যদি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী হত্যাকারীকে পুলিশ মেরে ফেলত, তাহলে পরের নির্যাতনের ঘটনাগুলো ঘটত না। আইনের আশ্রয় পেলে সমাজবিরোধীরা পার পেয়ে যায়। জঙ্গিদের চেয়েও বেশি ভয়ংকর এ সমাজবিরোধীরা। এদের সবাইকে যদি আইনের কাঠগড়ায় দাঁড় করান, আর সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি নিয়ে যান, তাহলে একজনও বিচার দেখে যেতে পারবে না।...এদের শক্ত হাতে দমন করতে হবে। এদের বাঁচার কোনো অধিকার নেই।
পরে অধিবেশনের সভাপতি ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আপনার বক্তব্যের সঙ্গে আমাদের দ্বিমত নেই। কিন্তু আপনি যে ক্রসফায়ারের কথা বললেন, আপনার পেছনে যিনি আছেন, তিনি মানবাধিকারের প্রশ্ন তুলবেন। সরকার যাবে কোথায়?’
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এ ধরনের কিছু (নির্যাতনের) ঘটনা ঘটেছে। আমরা অস্বীকার করছি না। তবে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। উইলস লিটল ফ্লাওয়ারের ছাত্রী হত্যাকারীদের ধরা হয়েছে। ভবিষ্যতে সব বিষয় নিয়ে ৩০০ ধারায় বিবৃতি দেওয়া হবে। অ্যাসিড নিক্ষেপকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এ ধরনের নাশকতা অনেক কমে গিয়েছে।
অনির্ধারিত আলোচনায় সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, চীন, ভারতের চেয়েও এ দেশে বেশি সোলার প্যানেল রয়েছে, যা প্রশংসার দাবি রাখে। কিন্তু সোলার প্যানেল নিয়ে নির্দিষ্টসংখ্যক এনজিওকে উপজেলা পর্যায়ে বণ্টন করা হয়েছে। বাজারের চেয়ে তিন গুণ বেশি দাম নিয়ে তারা সোলার প্যানেল দিচ্ছে। তিনি অবিলম্বে এনজিওগুলোর নিবন্ধন বাতিল করার দাবি জানান।
অনির্ধারিত আলোচনা শেষে সংসদের অধিবেশন আজ বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।