কোর্ট ফি অনলাইনে দেওয়া যাবে। এ-সংক্রান্ত ‘কোর্ট ফিস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬’ গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের জন্য সংসদে প্রস্তাব করেন।
গত ৩ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, নামজারি, জমির পর্চা ইত্যাদি সেবাসহ বিভিন্ন কার্যক্রমে প্রতিনিয়ত সাধারণ মানুষকে কোর্ট ফি জমা দিতে হয়। কিন্তু সহজলভ্য না হওয়ায় কোর্ট ফি দেওয়ার সময় জনগণকে অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়। এই হয়রানি রোধকল্পে সহজ এবং দ্রুততার সঙ্গে জনসেবা পৌঁছে দেওয়ার স্বার্থে ই-পেমেন্টের মাধ্যমে/ অনলাইনে কোর্ট ফি জমার সুযোগ সৃষ্টি করতে বিদ্যমান আইনের সংশোধনী আনা হয়েছে। ফলে কোর্ট ফি ছাপানো, সংরক্ষণ ও পরিবহনের বিশাল ব্যয় হ্রাসসহ জালিয়াতি রোধ করা সম্ভব হবে।
দেওয়ানি মামলার বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ল: দেওয়ানি আদালতের বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়াতে সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ গতকাল সংসদে পাস হয়েছে। আইনমন্ত্রী বিলটি পাসের জন্য প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলে দেওয়ানি মামলায় সহকারী জজের আর্থিক এখতিয়ার দুই লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ টাকা করা হয়েছে। সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার চার লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। এই বিল অনুযায়ী, ১৫ লাখ টাকা মূল্যের সম্পত্তি-সংক্রান্ত মামলাগুলো সহকারী জজ আদালতে বিচার করা যাবে। আপিল শুনানির ক্ষেত্রে জেলা জজের আর্থিক এখতিয়ার পাঁচ লাখ থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।
পরে সংসদ অধিবেশন আগামী সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।