সংসদে দুটি বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজের সুরক্ষায় ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯’ও ‘সুগারক্রপ’ গবেষণা ইনস্টিটিউট বিল পাস হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিল দুটি পাস হয়।

১৯৮২ সালের অধ্যাদেশকে আইনে রূপ দেওয়া, বাংলা ভাষায় রূপান্তর ও যুগোপযোগী করতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিলটি পাস করা হয়। বিলটি পাসের জন্য সংসদে তোলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।


এর আগে বিলের ওপর বিরোধী দলীয় সদস্যের জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়। বিলে বলা হয়েছে, সমুদ্রপথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের অন্তত ৫০ শতাংশ পণ্য বাংলাদেশের পতাকাবাহী জাহাজের মাধ্যমে পরিবহন করতে হবে। ১৯৮২ সালের অধ্যাদেশে ৪০ শতাংশ পণ্য রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজে পরিবহনের বিধান ছিল। কোনো জাহাজ এই আইনের কোনো বিধান লঙ্ঘন করলে ওই জাহাজ কর্তৃপক্ষকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। কোনো বিদেশি জাহাজ দিয়ে উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের বাণিজ্যিক পণ্য পরিবহন করা যাবে না।

সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল পাস

‘বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯’সংসদে তোলেন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিরোধী দলীয় সদস্যদের জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।

আখসহ মিষ্টি জাতীয় ফসলের গবেষণা অব্যাহত রাখতে ১৯৯৬ সালের ‘বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট আইন’ এর বদলে নতুন আইনটি করা হচ্ছে।

বিলে বলা হয়েছে, ইনস্টিটিউট চিনি, গুড়, সিরাপের পাশাপাশি মধু উৎপাদনের লক্ষ্যেও প্রযুক্তি উদ্ভাবন করবে। সুগারক্রপের সংজ্ঞায় বলা হয়েছে, আখ, সুগারবিট, তাল, খেজুর, গোলপাতা, স্টেভিয়া ও অন্যান্য মিষ্টি জাতীয় ফসল বা বৃক্ষ এর আওতাভুক্ত হবে। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট জলবায়ু পরিবর্তনজনিত সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় সুগারক্রপ গবেষণা কার্যক্রম গ্রহণ করবে। সরকারের অনুদান নিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সাফল্য ও কৃতিত্বের সাথে ডিগ্রি অর্জনকারীদের ফেলোশিপ দিতে পারবে এই ইনস্টিটিউট।