সংসদে দুটি বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল বুধবার বিরোধী দলের অনুপস্থিতিতে দুটি বিল পাস হয়েছে। বিল দুটি হচ্ছে: বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বিল, ২০১১ ও ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সংশোধনী) বিল, ২০১১। বিল দুটি উত্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বিল, ২০১১-তে অসহায় এবং দুস্থ ক্রীড়াসেবী ও তাঁদের পরিবারের জন্য পুরস্কার, অনুদান, চিকিত্সা, আর্থিক সহায়তাসহ ১২টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। ১৯৭৬-পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন পাওয়া ১৯টি সংস্থার সভাপতি নিয়োগের জটিলতা নিরসনে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সংশোধনী) বিল, ২০১১ পাস করা হয়। এর আগে বিল দুটির ওপর আনীত সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে কণ্ঠভোটে বিল দুটি পাস হয়।লিবিয়ায় প্রবাসীদের নিরাপত্তা: লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির পক্ষে জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সিরাজুল আকবরের এ-সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং শ্রম ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ওই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।