সংসদে নয়, 'অনানুষ্ঠানিক পরিবেশে' আলোচনা চায় বিএনপি

সংসদে নয়, নির্বাচনকালীন সরকার প্রশ্নে ‘অনানুষ্ঠানিক পরিবেশে’ আলোচনা করতে চায় প্রধান বিরোধী দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার আজ রোববার এক প্রতিবাদ সমাবেশে এ কথা জানিয়েছেন।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওই সমাবেশে এম কে আনোয়ার বলেন, ‘সংসদে কোনো কিছু নিয়ে বিতর্ক হতে পারে, আলোচনার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা অনানুষ্ঠানিক পরিবেশে বসে আলোচনা করতে চাই।’ তিনি বলেন, সংসদে বসে আলোচনা নয়, বিতর্ক হতে পারে। কিন্তু বিএনপি বিতর্ক করতে চায় না। তিনি অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকারের একেক মন্ত্রী একেক দিন একেক রকম কথা বলছেন।
বিএনপির এই নেতার দাবি, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বিতর্কের কোনো সুযোগ নেই। প্রথম আলোর নাম উল্লেখ না করে তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদের সমর্থক’ একটি পত্রিকা বিজ্ঞানসম্মতভাবে জরিপ চালিয়েছে, তাতে দেখা গেছে ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। তিনি বলেন, সমঝোতার মাধ্যমে তত্ত্বাবধায়কের দাবি মেনে নিয়ে সংসদে বিল আনলে বিএনপি সংসদে গিয়ে তাতে সহযোগিতা করবে।
ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে ফেরাতে সরকারের উদ্যোগের সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, তাঁকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে না। সময় হলে তিনি নিজেই ফিরে আসবেন। তারেক রহমান জামিনে আছেন দাবি করে তিনি বলেন, জামিন বাতিল করে তাঁকে দেশে ফিরিয়ে আনতে হলে তাঁর শারীরিক অবস্থা ও দেশে ফেরার পরিবেশ আছে কি না, দেখতে হবে।
তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকার বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী যুব ফোরাম ওই সমাবেশের আয়োজন করে। এতে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন বক্তব্য দেন।