সংসদে না গেলেও নোটিশ ও প্রশ্ন করছে বিরোধী দল
সংসদে যোগ না দিলেও মন্ত্রীদের প্রশ্ন করে যাচ্ছেন বিরোধীদলীয় সাংসদেরা। প্রতিদিন গড়ে জমা পড়া দুই শতাধিক প্রশ্নের মধ্যে ২৫-৩০টি থাকছে বিরোধী দলের। সংসদে দুই বছরে জমা পড়া চার সহস্রাধিক প্রশ্নের মধ্যে পাঁচ শতাধিক বিরোধী দলের সদস্যদের।প্রশ্নের বাইরে মুলতবি প্রস্তাবের শতাধিক নোটিশও জমা পড়েছে বিরোধী দলের সাংসদদের কাছ থেকে। মুলতবি প্রস্তাবের নোটিশের বেশির ভাগ এবার শেয়ারবাজার প্রসঙ্গে। এসব নোটিশে শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় সরকারি দলকে দায়ী করা হয়েছে।বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, এ কে এম হাফিজুর রহমান, মাহাবুবউদ্দিন খোকন, শহীদউদ্দিন চৌধুরী, রাশেদা বেগম, শাম্মী আখতার, নিলোফার চৌধুরী, জামায়াতের এ এইচ এম হামিদুর রহমান আযাদ প্রমুখ মুলতবি প্রস্তাবের নোটিশ ও বিভিন্ন প্রশ্ন করেছেন।গতকাল সোমবার সংসদ ভবনে মুলতবি প্রস্তাবের নোটিশ ও প্রশ্ন জমা দিতে দেখা যায় জাফরুল ইসলাম চৌধুরীকে। প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংসদ অধিবেশনে না গেলেও মন্ত্রীদের প্রশ্ন করার অধিকার বিরোধী দলের আছে। আর বিএনপি সংসদে আর যোগ দেবে না, এ কথা তো বলেনি। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকও মনে করেন, বিরোধী দল সংসদে না গেলেও মন্ত্রীদের প্রশ্ন করতে কিংবা মুলতবি প্রস্তাবের নোটিশ দিতে পারে। এর মাধ্যমে প্রমাণ হয় যে বিরোধী দল সরকারকে সহায়তা করতে চায়। কিন্তু সরকার সহায়তা নিতে না চাইলে তো করার কিছু নেই।স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করবে, এটাই সংসদীয় রীতি। সরাসরি সংসদ অধিবেশনে যোগ না দিলেও তাঁরা সংসদ কার্যক্রমে অংশ নিচ্ছেন, এটা ভালো লক্ষণ। আশা করি, এ অধিবেশনে তাঁরা ফিরবেন।’সংসদের চলতি অধিবেশনে এ পর্যন্ত ১১টি সরকারি ও ১২টি বেসরকারি বিল উপস্থাপিত হবে। গতকাল পর্যন্ত এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৫৬টি ও তিন হাজার ৯০১টি সাধারণ প্রশ্ন জমা পড়েছে। বিরোধী দলের সদস্যরা আট মাস ধরে টানা সংসদ বর্জন করলেও সংসদীয় কমিটির সভায় নিয়মিত উপস্থিত থাকেন। বিএনপির দুজন সাংসদ দুটি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে এ দুটো কমিটির বৈঠকও করেছেন।অধিবেশন আজ বসছে: টানা ছয় দিন বিরতির পর আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় সংসদের অধিবেশন বসছে। গত ২৫ জানুয়ারি সংসদের এ অধিবেশন শুরু হয়, চলবে মধ্য এপ্রিল পর্যন্ত।দুই সাংসদের শপথ আজ: উপনির্বাচনে বিজয়ী দুই সাংসদ আজ বিকেলে শপথ নেবেন। বেলা তিনটায় ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে বিজয়ী আওয়ামী লীগের উবায়দুল মুক্তাদির চৌধুরী এবং সাড়ে তিনটায় হবিগঞ্জ-১ থেকে নির্বাচিত বিএনপির শেখ সুজাত মিয়া শপথ নেবেন।