সংসদে নারীদের প্রতিনিধিত্বে এশিয়ায় বাংলাদেশ অষ্টম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে নারীর প্রতিনিধিত্বের দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে অষ্টম অবস্থানে বাংলাদেশ। এ ক্ষেত্রে সবার ওপরে নেপাল।
নারীদের প্রতিনিধিত্বে প্রতিবেশী ভারতকে পেছনে ফেললেও বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান। বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমানে মোট আসনের ২০ শতাংশ নারী। পাকিস্তানের সংসদে নারীর উপস্থিতি ২১ শতাংশ এবং ভারতে ১২ শতাংশ। বিশ্বব্যাপী পার্লামেন্টে নারীদের প্রতিনিধিত্বের গড় হার ২২ দশমিক ৪ শতাংশ।
জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) প্রতিবেদন-২০১৫-এ এসব তথ্য উল্লেখ করা হয়েছে। পার্লামেন্টে নারীদের প্রতিনিধিত্বে শীর্ষস্থান দখলকারী নেপালের পরই ফিলিপাইন। নেপালে পার্লামেন্টে নারীদের প্রতিনিধিত্বের হার ৩০ শতাংশ।
প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, গত ২০ বছরে ১৭৪টি দেশের মধ্যে প্রায় ৯০ শতাংশ দেশে পার্লামেন্টে নারীদের প্রতিনিধিত্ব বেড়েছে। এই সময়ের মধ্যে বৈশ্বিক পর্যায়ে নারীদের গড় অংশগ্রহণ বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। আর এশিয়াতেও গত এক দশকে এ পরিস্থিতির উন্নতি ঘটেছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের উপাত্তের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেপালের সাংবিধানিক পরিষদে গত বছর ৩০ শতাংশ আসনে প্রতিনিধিত্ব করেন নারীরা। দ্বিতীয় স্থানে থাকা ফিলিপাইনের প্রতিনিধি পরিষদে ওই বছর নারীরা প্রতিনিধিত্ব করেন ২৭ শতাংশ আসনে। ভিয়েতনামের জাতীয় পরিষদে নারীদের অংশগ্রহণের হার ২৪ শতাংশ। লাওসও এ অঞ্চলের অন্যান্য দেশ থেকে বেশি দূরে নেই। জাতীয় পরিষদে দেশটির নারীদের অংশগ্রহণের হার ২৫ শতাংশ।