সংসদে নিন্দা প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সম্প্রতি নিরীহ মুসলিম নারী-পুরুষ ও শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারি দলের শেখ ফজলুল করিম সেলিমের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনার পর এ প্রস্তাব গ্রহণ করা হয়। খবর বাসসের।
গৃহীত প্রস্তাবে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ এবং গণহত্যার জন্য ইসরায়েলের বিচার দাবি করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়।
আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ফিলিস্তিনের পক্ষে কেউ না থাকলেও বাংলাদেশ থাকবে। তাদের জন্য যা যা করণীয় তা করব। প্রয়োজনে বাংলাদেশে এনে আহতদের চিকিত্সা করাব।’ জাতিসংঘ এবং দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমালোচনা করে তিনি বলেন, জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে। ইসরায়েলকে ফিলিস্তিনিদের দখল করা জমি ছেড়ে দিতে হবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেব স্বীকৃতি দিতেই হবে।
গাজায় ইসরায়েলি হামলায় আহত শিশুদের ছবি দেখিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, লাশ আর লাশ। একদিকে মিসর পথ বন্ধ করে দিয়েছে, অন্যদিকে ইসরায়েলি অবরোধ। এরই মধ্যে আক্রমণ করা হয়েছে। লক্ষ্য করা হয়েছে শিশুদের। তিনি বলেন, ‘আমি জানি না বিশ্ব বিবেককে কেন নাড়া দেয় না। মানবতা আজ কোথায় গেছে। এই হত্যাযজ্ঞ কারও পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়।’
প্রধানমন্ত্রী বিশ্ব বিবেকের সমালোচনা করে বলেন, ‘আমাদের দেশে কিছু হলে মানবাধিকার নিয়ে তোলপাড় হয়। একটা খুন নিয়ে কত কথা, কত চিঠি। এখন তারা কোথায়। মানবতা কোথায় গেল।’
শেখ ফজলুল করিম সেলিম তাঁর প্রস্তাবে বলেন, সম্প্রতি ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে দুই সহস্রাধিক নিরীহ ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশু হত্যা করেছে। ইসরায়েলিরা শুধু হত্যাযজ্ঞ চালায়নি, তারা বাড়ি-ঘর, মসজিদ, হাসপাতালেও হামলা করে মানুষ হত্যা করতে দ্বিধা করেনি। তিনি বলেন, মানবতাবিরোধী এই অপরাধে গোটা মুসলিম বিশ্বসহ সারা দুনিয়া আজ মর্মাহত।
ফজলুল করিম সেলিম গাজা এলাকার দখল করা সব জমি ফেরত এবং এ সমস্যার স্থায়ী সমাধানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি জানান।
সাধারণ আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সরকারি দলের সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল মতিন খসরু, দীপু মনি, জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা প্রমুখ অংশ নেন।
হোটেল ও রেস্তোরাঁ বিল ২০১৪ উত্থাপন: পর্যটনশিল্পের বিকাশে হোটেল ও রোস্তোরাঁর সেবা ও সুয়োগ-সুবিধার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ বিল ২০১৪’ গতকাল সংসদে উত্থাপন করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিলটি উত্থাপন করেন।