সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সিরিয়ায় মার্কিন সরকারের এ আগ্রাসনের প্রতিবাদ করতে সচেতন সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়েছে।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দল দুটির নেতারা এসব আহ্বান জানান।সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনোর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন খালেকুজ্জামান, সৈয়দ আবু জাফর আহমেদ, হাসান তারিক চৌধুরী, জুলফিকার আলী প্রমুখ।বক্তারা বলেন, সিরিয়ায় যে অজুহাতে হামলা চালানোর পাঁয়তারা চলছে, তা মার্কিনের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। আসাদকে অন্যায়ভাবে ক্ষমতা থেকে উচ্ছেদের জন্য তারা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে খোঁড়া অজুহাতে সিরিয়া দখলের পাঁয়তারা করছে।মার্কিন হামলার পাঁয়তারার প্রতিবাদে সমাবেশ: সিরিয়ায় মার্কিন আক্রমণের পাঁয়তারার প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ হয়।সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতারা যেকোনো সময় সিরিয়ায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা প্রকাশ করেন। তাঁরা বলেন, ইসরায়েলের ভূরাজনৈতিক স্বার্থরক্ষা ও ফিলিস্তিনের ভূখণ্ডে বসতি নির্মাণের পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোর বাজার দখল, সমরাস্ত্র বিক্রি এবং তাদের তাঁবেদার সরকারগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্যই এ আগ্রাসনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সমাবেশে নেতারা সব ধরনের আগ্রাসন, আধিপত্য ও নিপীড়ন মোকাবিলায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতা আবুল হাসান, ছাত্র ফেডারেশনের নেতা হাবিবুর রহমান। বিজ্ঞপ্তি।