সংসদে নিন্দা প্রস্তাবের দাবি ধর্মভিত্তিক দলগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে ইসলামী ও সমমনা ১২ দল। গতকাল শনিবার আসরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে ধর্মভিত্তিক জোটের নেতারা এ দাবি জানান। সমাবেশ থেকে ২২ সেপ্টেম্বর ঢাকার পল্টন ময়দানে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সহসভাপতি যাইনুল আবেদীন বলেন, মহানবী (সা.)-কে অবমাননা করার ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করতে হবে। তা না হলে ২২ সেপ্টেম্বর মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সভাপতির বক্তৃতায় সমমনা ১২ দলের যুগ্ম আহ্বায়ক শাহ আহমদুল্লাহ আশরাফ বলেন, ইসলামের দুশমনদের মোকাবিলায় সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।মহানবী (সা.)-কে অবমাননা করায় এ দেশের মানুষের উদ্বেগের কথা বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে অবহিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী।বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান বলেন, যারাই নবী করিম (স.) সম্পর্কে কটূক্তি করেছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে মার্কিন দূতাবাস ঘেরাও করা হবে।