সংসদে নেই এরশাদ, ব্যস্ত কেক কাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিত নেই। গতকাল বুধবার রাত ১২টা এক মিনিট থেকে আজ রাত ১২টা পর্যন্ত দলের নেতা-কর্মীদের সঙ্গে তিনি তাঁর প্রকৃত জন্মদিন পালন করছেন। সনদে তাঁর জন্মদিন ১ ফেব্রুয়ারি, ১৯৩০।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মীর আবদুস সবুর আসুদ প্রথম আলোকে বলেন, ‘রাত ১২টা ১ মিনিট থেকে স্যারের জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা ফুল নিয়ে স্যারের বাসভবনে গিয়েছিলাম তাঁকে শুভেচ্ছা জানাতে।’ দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

রাতের পালা শেষে সকালে গুলশানের ইমানুয়েলস সেন্টারে এরশাদ তাঁর ‘বাধ্য সন্তানদের’ নিয়ে জন্মদিন পালন করেন। এঁদের মধ্যে ছিলেন সেই সব নেতা-কর্মী যাঁরা এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। অভ্যাগতদের তালিকায় সাংসদদের উপস্থিতি চোখে পড়েনি। ছিলেন না রওশন এরশাদও।

এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘তোমরা আমার হাতে হাত রাখো। আবার সুদিন আসবে। জাতীয় পার্টি আবারও নির্বাচনে জয়ী হবে। আমি হয়তো মারা যাব। কিন্তু জাতীয় পার্টি টিকে থাকবে।’

প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর ওয়েস্ট ইনে জন্মদিনের অপর একটি পার্টির আয়োজন করেছেন। এখানে অবশ্য জাতীয় পার্টির সাংসদেরা যাচ্ছেন। জিয়াউদ্দিন বাবলু প্রথম আলোকে এ তথ্য জানান।

এরশাদের মুখপাত্র ববি হাজ্জাজ বলেছেন, ‘অতিথিদের তালিকা বেশ লম্বা। রাষ্ট্রদূতরা আসছেন। বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ ব্যক্তিত্বরা হাজির থাকছেন। এঁরা সবাই স্যারের শুভানুধ্যায়ী।’