সংসদে সরকারি দলের প্রশংসা আর সংসদের বাইরে থাকা বিরোধী জোটের নিন্দার পরিমাণ অভাবনীয়ভাবে বেড়েছে। বর্তমান দশম জাতীয় সংসদের ১১২ কার্যদিবসে সরকারি দলের সদস্যরা ৭ হাজার ৫০০ বার নিজ দলের প্রশংসা এবং ৭ হাজার ২৬৮ বার সংসদের বাইরে থাকা বিএনপির নেতৃত্বাধীন জোটের সমালোচনা করে সময় ব্যয় করেছেন।
এই তথ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। আজ রোববার সংস্থাটির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পার্লামেন্ট ওয়াচ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, জুন ২০১৪ থেকে জুলাই ২০১৫ সময়ে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের অধিবেশনের ওপর গবেষণা চালিয়ে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনটি তৈরি করেছেন টিআইবির গবেষক ফাতেমা আফরোজ, মোরশেদা আক্তার ও জুলিয়েট রোজেটি।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংসদের বিরোধী দল সরকারের অংশ। তাই তারা আত্মপরিচয়ের সংকটে আছে। সংসদে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। যে কারণে বর্তমান সংসদ হয়ে পড়েছে ‘পুতুল নাচের নাট্যশালা’।
প্রতিবেদনে বলা হয়, অষ্টম সংসদে নিজ দলের প্রশংসা করা হয়েছিল ৬২৬ বার এবং নবম সংসদে ৫৯৯ বার। বিরোধী দলের সমালোচনা হয়েছিল যথাক্রমে ৪৯১ বার ও ৮০৪ বার। আলোচনায় নির্ধারিত প্রসঙ্গের বাইরে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে আলোচনা এবং অসংসদীয় ভাষার ব্যবহার অব্যাহত রয়েছে। এ সংক্রান্ত শৃঙ্খলা রক্ষায় স্পিকার নীরব ভূমিকা পালন করেছেন।
দ্বিতীয় থেকে ষষ্ঠ অধিবেশনে কোরাম সংকটের কারণে সংসদের ৩২ কোটি ৪২ লাখ ৩১ হাজার টাকা অপচয় হয়েছে বলে টিআইবি জানিয়েছে। তারা বলেছে, পাঁচটি অধিবেশনে কোরাম সংকটে কেটেছে ৪৮ ঘণ্টা ৪১ মিনিট। প্রতিদিন গড়ে কোরাম সংকটে কেটেছে ২৬ মিনিট করে।
টিআইবি বলেছে, আইন প্রণয়নে মোট সময়ের ৬ শতাংশ ব্যয় হয়েছে, যা অতীতের চেয়ে বেশি। প্রতিটি বিল পাস হতে গড়ে ৩০ মিনিট সময় ব্যয় হয়েছে। কিন্তু অর্থবিল ছাড়া ২৪টি বিলের ওপর মাত্র ২৯ জন সাংসদ আলোচনায় অংশ নিয়েছেন।
এ প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, এর অর্থ আইন প্রণয়ন বিষয়ে সাংসদদের যোগ্যতা নেই অথবা যোগ্যতা থাকলেও আগ্রহ নেই। তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি দশম সংসদ নির্বাচন ছিল বিতর্কিত। তথাকথিত বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। প্রমাণ করতে পারেনি যে তারা প্রকৃত অর্থে বিরোধী দল। এটা উদ্বেগের ও হতাশার।’