সংসদে পাকিস্তানকে সতর্ক করার আহ্বান
মানবতাবিরোধী অপরাধের রায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার সমালোচনা করায় পাকিস্তান ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে সতর্ক করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী।
আজ সোমবার সংসদে আলোচনায় অংশ নিয়ে তারানা হালিম ও রুস্তম আলী ফরাজী এ আহ্বান জানান।
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দেওয়ার ঘটনায় দেশটির হাইকমিশনারকে তলব করে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে বাংলাদেশ। আজ দুপুরে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তাঁর কাছে প্রতিবাদপত্র তুলে দেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মিজানুর রহমান।
তারানা হালিম বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মুখপাত্র আব্বাস ফায়েজ যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে লিখিত তথ্য পরিবেশন করেছেন। মানুষকে পুড়িয়ে কাবাব বানানোর পর তাঁরা কিন্তু এ বিষয়ে কোনো বিবৃতি দেননি। বিদেশের গণমাধ্যম বলছে, বিরোধী দলের নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপরাধীরা যে মানবতাবিরোধী, সে কথা কিন্তু তারা বলছে না। তারানা হালিম এ বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানান।
রুস্তম আলী ফরাজী বলেন, একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তান যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে প্রশ্ন তুলে সরকারের সমালোচনা করছে। বিষয়টি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করার শামিল। তাদের বুঝিয়ে দিতে হবে, বাংলাদেশ এখন আর ছোট দেশ নয়। পাকিস্তানিদের আশকারা দেওয়া ঠিক হবে না। এখানে তাঁদের যারা আছেন, তাঁদের তলব করে জবাব দেওয়া উচিত।
অনির্ধারিত আলোচনায় স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী অবিলম্বে ফেসবুক খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
অর্থনৈতিক অঞ্চল বিল পাস
সরকার টু সরকার পর্যায়ে (জিটুজি) অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সুযোগ রেখে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০১৫ আজ সোমবার সংসদে পাস হয়েছে। পাস হওয়া এই বিলে বিরোধী দলীয় সদস্য ফখরুল ইমামের একটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। বিলটি পাসের জন্য উত্থাপন করেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী মতিয়া চৌধুরী।
বিলে বলা হয়েছে, সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় তথ্য প্রযুক্তিভিত্তিক শিল্প স্থাপন করা যাবে। বিদেশি সরকারের সঙ্গে চুক্তির পাশাপাশি সরকারের এক বা একাধিক সংস্থার মাধ্যমে পারস্পরিক অংশীদারত্বের ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিধানও বিলে রাখা হয়েছে।