সংসদে পাকিস্তানি বর্বরতার স্লাইড চিত্র প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে পাকিস্তানি বাহিনীর বর্বতার স্লাইড চিত্র দেখানো হলো জাতীয় সংসদের অধিবেশনে। আজ শনিবার অধিবেশন শুরুর পর পাকিস্তানি বাহিনীর নির্মমতায় নিহত ব্যক্তিদের স্মরণে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব ওঠার পর এসব চিত্র দেখানো হয়।
কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে জাসদের সাংসদ শিরীন আখতার ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।

প্রস্তাবে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যাকে স্মরণ করে ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হোক।

শিরীন আখতার প্রস্তাব ওঠানোর পর ফ্লোর নিয়ে দাঁড়ান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘২৫ মার্চই শুধু নয়, এরপর ধরেই এ দেশে যে গণহত্যা শুরু হয়েছিল...অনেক সংসদ সদস্য আছেন এখানে যাঁরা যুবক, একাত্তরের সেই ভয়াল চিত্র তাঁরা দেখেননি। এখানে আলোচনা হবে। মাননীয় স্পিকার, আপনার অনুমতি নিয়ে আমি ওই সময়কার কিছু ছবি-ভিডিও দেখাতে চাই, যেগুলো বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হয়েছিল। সেগুলো দেখাতে চাইছি।’

পরে স্পিকারের অনুমতি নিয়ে সংসদ নেতা সংসদকক্ষে রাখা বড় পর্দায় একাত্তরে পাকিস্তানি বাহিনী নির্মমতার বিভিন্ন চিত্র, ভিডিও দেখানো হয়। শরণার্থীদের দেশত্যাগ, গণহত্যার ছবি দেখানো হয়।

সচিত্র প্রতিবেদনের শুরুতে সাতই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ছবি দেখানো হয়। প্রতিবেদনে ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে স্বাধীনতার ঘোষণাপত্রটিও দেখানো হয়।

পিনপতন নীরবতায় ১৮ মিনিট ধরে এসব চিত্র দেখেন সাংসদেরা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কয়েকবার চোখ মুছতে দেখা যায়।

শিরীন আখতারের প্রস্তাবটি আলোচনার পর সংসদ গ্রহণ করলে নির্বাহী বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।