সংসদে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার বিল
পারমাণবিক অস্ত্রের হুমকি, ব্যবহার, উন্নয়ন, দখলে রাখা, পরীক্ষা অথবা হস্তান্তর নিষিদ্ধ করতে ‘বাংলাদেশ পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠাকরণ বিল ২০১১’ সংসদে উত্থাপন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সংসদের বেসরকারি দিবসে সরকারি দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী বিলটি উত্থাপন করেন। পরে বিলটি আরও যাচাই-বাছাই করতে বেসরকারি সদস্যদের বিলসম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলে বলা হয়, দেশের সব ভূমি, অভ্যন্তরীণ জলাশয়, সমুদ্রসীমা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও আকাশসীমা পরমাণুমুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে। পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলের বাইরে অস্ত্র পরীক্ষা, কোনো পারমাণবিক শক্তিসম্পর্কিত কাজ বা দুর্ঘটনা, পারমাণবিক দ্রব্য ও বর্জ্য ব্যবহারের ফলে মানবস্বাস্থ্য, সম্পদ ও পরিবেশের ক্ষতি হলে বাংলাদেশ ভিয়েনা কনভেনশনের আওতায় ক্ষতিপূরণ দাবি করতে পারবে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রের যত্রতত্র ব্যবহার এবং এর ফলে সৃষ্ট নানাবিধ ক্ষতিকর প্রভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের উদ্দেশ্যে এই বিল উত্থাপন করা হয়েছে।আন্তর্জাতিক কনভেনশনের বিধিবিধান ছাড়া বাংলাদেশের আকাশসীমায় কোনো বিদেশি সামরিক বিমান পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে না বলে বিলে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের জলসীমায়্রআন্তর্জাতিক সমুদ্র আইন ও এ-সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনের বিধান ছাড়া কোনো বিদেশি যুদ্ধজাহাজ পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে না।বিলে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা করতে ১৪ সদস্যের একটি কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ওই কর্তৃপক্ষের সভাপতির দায়িত্ব পালন করবেন।বিলে তিন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো বিধান লঙ্ঘন করেন, তাহলে তিনি অনধিক ১৪ বছরের কারাদণ্ড এবং অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।