সংসদে প্রতিনিধিত্ব বাড়লেই নারীর ক্ষমতায়ন হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ বাড়লেই নারীর ক্ষমতায়ন এবং নারীর উন্নয়ন ঘটে বলে আগে যে ধারণা চালু ছিল, তা নিয়ে বর্তমানে বিশ্বজুড়েই সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
অর্থনৈতিক সম্পত্তিতে নারীর সমানাধিকার, তথ্যপ্রযুক্তিতে নারীর ক্ষমতায়ন এবং প্রয়োজনীয় আইন না থাকলে সেই অর্থে নারীর উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভালো। সামাজিক বিভিন্ন সূচকে নারীরা এগিয়েছে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে জেন্ডার সাম্য অর্জনে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক নয়।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক ক্ষমতায়নের মতোই সামাজিক সূচকে নারীর অবস্থান ভালো হলেই নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আসলে কতটুকু হবে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অংশ হিসেবে আয়োজিত সেমিনারের মূল বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে ‘পোস্ট-২০১৫ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্ডা: আন্ডারস্ট্যান্ডিং দ্য জেন্ডার ডাইমেনশন’ শীর্ষক বক্তৃতায় সাউদার্ন ভয়েস অন পোস্ট-এমডিজি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট গোলসের চেয়ার দেবপ্রিয় ভট্টাচার্য ২০১৫ সালের পর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস-এসডিজি নির্ধারণে জেন্ডারের বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী কোন ধরনের বিতর্ক হচ্ছে, সেসব তুলে ধরেন। এমডিজিতে জেন্ডার সাম্য অর্জনে বিশ্ব, দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের বিভিন্ন সূচকও তিনি তুলে ধরেন।
দেবপ্রিয় আরও বলেন, জাতিসংঘে আলোচনায় এমডিজি-পরবর্তী বা এসডিজিতে নারীর প্রজননস্বাস্থ্য অধিকার এবং নারী নির্যাতনের বিষয়টি সম্পৃক্ত করা হয়েছে। তবে এ দুটি বিষয়ে এখনো বিতর্ক চলছে। প্রজননস্বাস্থ্য অধিকারের বিষয়টিতে অনেক দেশ আপত্তি দিচ্ছে। আবার নারী নির্যাতনের সংজ্ঞা কী হবে, পারিবারিক, রাষ্ট্রীয় বা কোন পর্যায়ের নির্যাতনকে গুরুত্ব দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।
সেমিনারের প্রশ্নোত্তর পর্বে দেবপ্রিয় ভট্টাচার্য জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ বাড়ানো প্রসঙ্গে বলেন, কাঠামো পরিবর্তন না করে কাউকে কোনো জায়গায় বসিয়ে দিলেও সে অর্থে উন্নয়ন সম্ভব নয়। কেননা যে বসছে, সে সেই কাঠামোর মধ্যে থেকেই কাজ করছে।
সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান তানিয়া হক। আলোচনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক জ্যেষ্ঠ রিসার্চ ফেলো প্রতিমা পাল মজুমদার বলেন, বাংলাদেশে এমডিজিতে জেন্ডারের ক্ষেত্রে যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তার অনেক ক্ষেত্রেই বাংলাদেশের অর্জন ভালো। তবে এ অর্জন সংখ্যাগত, গুণগত নয়।