সংসদে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব করতে চান ইদ্রিস আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটারদের সঙ্গে কথা বলছেন ইদ্রিস আলী। সাভারের বাজার রোড এলাকায়।  প্রথম আলো
ভোটারদের সঙ্গে কথা বলছেন ইদ্রিস আলী। সাভারের বাজার রোড এলাকায়। প্রথম আলো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসনে একজন শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হয়েছেন। ইদ্রিস আলী নামের এই প্রার্থী প্রতিবন্ধীদের নিয়ে পাড়া-মহল্লা ও রাস্তায় রাস্তায় ঘুরে ভোট প্রার্থনা করছেন। তিনি জাতীয় সংসদে প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কথা বলতে চান।

ইদ্রিস আলী মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন থেকে। তাঁর প্রতীক হারিকেন। তিনি লড়ছেন আওয়ামী লীগের এনামুর রহমান, বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয় পার্টির আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফারুক খান, জাকের পার্টির নুরুল ইসলাম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের সরোয়ার হোসেন, বিকল্পধারার আইনুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের আবু ইউসুফ খান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সৌমিত্র কুমার দাসের সঙ্গে।

বুধবার ইদ্রিস আলীকে প্রচার চালাতে দেখা যায় সাভার পৌর এলাকার ওয়াপদা রোড, বাজার রোড, ছায়াবীথি, জালেশ্বর, ভাটপাড়া, আড়াপাড়াসহ আশপাশের এলাকায়। তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন প্রতিবন্ধী, যাঁদের অনেকেই এসেছিলেন হুইলচেয়ারে করে। তিনি ও তাঁর সমর্থক-কর্মীরা এসব এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পথচারী, এলাকাবাসী, দোকানি ও তরুণদের কাছে ভোট প্রার্থনা করেন।

ইদ্রিস আলীর বাড়ি মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিষয়ে স্নাতক পড়ছেন। তিনি একজন লেখক ও ক্রীড়া ব্যক্তিত্ব। একসময় তিনি সাভারের পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রথম প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য ও প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা ও উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় তিনি এ বছর এশিয়া ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড-২০১৮ পেয়েছেন।

ইদ্রিস আলীর সঙ্গে হুইলচেয়ারে করে নির্বাচনী প্রচারণায় আসা নাজমুস সাকিব খান ভোটারদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে দেড় কোটির বেশি প্রতিবন্ধী রয়েছে। কিন্তু সংসদে এই বিপুলসংখ্যক জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি নেই। ইদ্রিস আলী একজন প্রতিবন্ধী। তাই তিনি আমাদের কষ্টটা বুঝবেন। আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলে আমাদের সেই আশা পূরণ হবে।’

ইদ্রিস আলী বলেন, ‘সমাজ ও রাষ্ট্রের বোঝা হয়ে না থেকে একজন দায়িত্ববান মানুষ হিসেবে অবদান রাখার পাশাপাশি সংসদে প্রতিবন্ধীদের অধিকারগুলো তুলে ধরার জন্যই সংসদ সদস্য প্রার্থী হয়েছি।’