আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলকে আবারও সংসদে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। ‘আসুন, মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি ও শোষণমুক্ত স্বদেশ গড়ি’—এই প্রত্যয়ে গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অসাম্প্রদায়িক প্রগতিশীল গণতান্ত্রিক কর্মীদের বৃহত্তর ঐক্যের লক্ষ্যে আয়োজিত ঐক্য কনভেনশনে তিনি এই আহ্বান জানান।
বিরোধী দলের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেছেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার স্বার্থে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও বেগবান করার জন্য আবার আলোচনার প্রস্তাব স্পিকারের সামনে উপস্থাপন করেন। আগামী নির্বাচন ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সংসদে প্রাণবন্ত আলোচনা আমরা নিশ্চিত করব। সংখ্যাগরিষ্ঠতার জোরে আমরা কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করব না।’
সৈয়দ আশরাফ বলেন, ‘আজকে আবারও সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়েছে। কোনোটা জামায়াতের নামে, কোনোটা হেফাজতের নামে। যে নামেই হোক না কেন, তাদের একটাই উদ্দেশ্য—বাংলাদেশের যে স্বাধীনতা তা নস্যাৎ করা। সেই অপশক্তিকে আমাদের পরাজিত করতেই হবে।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, একটা সময় ছিল যখন এ দেশে সব আন্দোলন, সংগ্রামের কেন্দ্রবিন্দুতে বামপন্থী প্রগতিশীলেরা ভূমিকা রেখেছেন। এটা এখনো প্রাসঙ্গিক। এ জন্য নিজেদের মধ্যে ঐক্যের বিকল্প নেই।
তিনটি শক্তির কথা তুলে ধরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ এবং লুটেরা ধনিক ও কালোটাকার স্থান হতে পারে না। যত দিন এই তিন শত্রুর হাত থেকে মুক্ত করতে না পারছি, তত দিন আমাদের আন্দোলন অগ্রসর করে নিয়ে যেতে হবে।’
সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক অজয় রায় বলেন, ঘোষণাপত্রের ঘোষণা কার্যকরের জন্য নিঃসন্দেহে তারুণ্যের শক্তির সঙ্গে মেলবন্ধন গড়ে তুলতে হবে।
ঘোষণাপত্রে বলা হয়, ‘চলমান সংঘাত-সংঘর্ষ ও অস্থিতিশীলতা দূর করতে সংলাপ-সমঝোতার বিকল্প নেই। নির্বাচনকালীন সরকার বিষয়ে যত দ্রুত সরকারি ও প্রধান বিরোধী দলসহ রাজনৈতিক দলগুলোর সমঝোতা হয়, ততই বিপদমুক্ত হবে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা ও ধারা। পরাস্ত করা সহজতর হবে জঙ্গি ও মৌলবাদী চক্রান্ত। সর্বোপরি বৈষম্যহীন ও শোষণমুক্ত একটি সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাব। সব ধরনের সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, সংকীর্ণতা, কুসংস্কারের বিরুদ্ধে অব্যাহত রাখব আমাদের সংগ্রাম। দেশ ও জাতি যে সংকটের সম্মুখীন, তা থেকে উত্তরণের জন্য আজ সর্বাগ্রে প্রয়োজন সমচেতনায় সব শক্তির ঐক্য। বিশেষ করে আহ্বান তারুণ্যের শক্তির কাছে, আসুন, পুরোধার ভূমিকা পালন করুন আপনারা। আমরা সঙ্গে থাকব।’
ঘোষণাপত্র পাঠ করেন কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য।
আয়োজকেরা জানান, পরের অধিবেশনে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ইউনাইটেড ন্যাপ বা ঐক্য ন্যাপ নামে একটি দল হয়েছে। এতে পঙ্কজ ভট্টাচার্যকে সভাপতি ও আইনজীবী আসাদুল্লাহ তারেককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।