সংসদে বক্তব্য দিয়ে লতিফের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী। আজ মঙ্গলবার আবেগঘন বক্তব্য শেষে আরদালির মাধ্যমে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে সংসদ থেকে বের হয়ে যান তিনি।
সন্ধ্যা ৭টা ২৪ মিনিট থেকে ৭টা ৩৯ মিনিট পর্যন্ত লতিফ সিদ্দিকী বক্তব্য দেন।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে বিরূপ মন্তব্য করায় লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব হারান এবং দল থেকে বহিষ্কৃত হন। আওয়ামী লীগ থেকে তাঁর সংসদ সদস্যপদ বাতিলের আবেদন করা হলে স্পিকার তা নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠান। লতিফ সিদ্দিকী এ বিষয়ে নির্বাচন কমিশনের এখতিয়ার নেই বলে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট আবেদন খারিজ করে দেন। এরপর তিনি লিভ টু আপিল করলে ২৩ আগস্ট সুপ্রিম কোর্ট তাও খারিজ করেন। একই দিন তিনি নির্বাচন কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে বলেন, তিনি নিজেই পদত্যাগ করবেন। তাই এ বিষয়ে শুনানির প্রয়োজন নেই।
আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর টাঙ্গাইল-৪ আসনের সাংসদ লতিফ সিদ্দিকী সংসদে ঢোকেন। এ সময় সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন না। লতিফ সিদ্দিকী পয়েন্ট অব অর্ডারে দাঁড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার বলেন, মাননীয় সদস্য, আপনি একটু পরে কথা বলেন। এ সময় স্পিকার বিরোধী দলীয় নেতাকে কথা বলার সুযোগ দেন।
এরপর লতিফ সিদ্দিকীকে কথা বলা সুযোগ দিলে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি মুসলমান, আমি বাঙালি, আমি আওয়ামী লীগার। এ পরিচয় মুছে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীর কারও নেই। কারণ এ আমার চেতনা, আমার জীবন বেদ, প্রাণের রসদ, চলার সুনির্দিষ্ট পথ।’
নির্বাচন কমিশনে পাঠানো স্পিকারের চিঠির বিষয়ে আপত্তি তুলে লতিফ সিদ্দিকী বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ৪ দফায় বর্ণিত নির্দেশনা হলো কোনো ব্যক্তির সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা ও থাকা বিষয়ক। এ ক্ষেত্রে ৬৬ অনুচ্ছেদের ২ দফা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের নির্দেশনার ব্যাপারটি স্পষ্ট। স্পিকারের চিঠিতে সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন ও সংবিধানের অপব্যাখ্যা হয়েছে। স্পিকার সংসদ সদস্যের আসন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া যথাযথ কী-না, সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায়।

লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘আমাকে ষড়যন্ত্রকারী, ধর্মদ্রোহী, গণদুশমন ও শয়তানের দূত সাজাতে ধর্মকে প্রতিপক্ষ হিসাবে দাঁড়া করিয়ে দেয়। আমি বলতে চাই, আমি ধর্মবিরোধী নই, আমি ধর্মানুরাগী, একনিষ্ঠ সাচ্চা মুসলমান, আমি বলতে চাই ধর্মীয় অনুশাসনের নামে যে সকল গর্হিত কাজ ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদী জঙ্গিগোষ্ঠী স্বার্থ চরিতার্থ করতে তৎপর, তাদের বিরুদ্ধে থাকবে আমার পথ চলা।’
এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ কয়েকজন সাংসদ টেবিল চাপড়ান। তবে সঙ্গে সঙ্গে পাশে বসা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শিল্পমন্ত্রীর হাত চেপে ধরেন।

আমার নেতার অভিপ্রায়, আমি সাংসদ না থাকি

লতিফ সিদ্দিকী বলেন, ‘মনে হয়েছে আমার নেতার অভিপ্রায়, আমি আর সংসদ সদস্য না থাকি। কর্মী হিসাবে নেতার একান্ত অনুগত ছিলাম। বহিষ্কৃত হওয়ার পর এর ব্যত্যয় কিংবা ব্যতিক্রম সমীচীন মনে করি না। আমার প্রতিবাদ ছিল প্রতিকার পাওয়ার, এখন দ্বিধাহীন কণ্ঠে কারও বিরুদ্ধে কোনো ঘৃণা-বিদ্বেষ উগরে না দিয়ে কোনো অভিযোগ উত্থাপন না করে হৃষ্টচিত্তে বাংলাদেশ জাতীয় সংসদের আসন ১৩৩, টাঙ্গাইল-৪ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছি।’
এ সময় লতিফ সিদ্দিকী পদত্যাগপত্র পড়ে শোনানোর অনুমতি চাইলে স্পিকার বলেন, তার প্রয়োজন নেই। তখন অধিবেশন কক্ষে পিনপতন নীরবতা বিরাজ করছিল।
বের হয়ে যাওয়ার সময় লতিফ সিদ্দিকী সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, ধর্মমন্ত্রী মতিউর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাংসদ জাহিদ আহসান রাসেলসহ কয়েকজনের সঙ্গে করমর্দন করেন।