সংসদে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা
প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টির সাংসদেরা।
গতকাল সোমবার জাতীয় সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্ত্রাসের নেত্রী। অন্যদিকে শেখ হাসিনা একজন ক্যারিশম্যাটিক লিডার। তাঁর দক্ষ নেতৃত্বের প্রশংসায় আজ বিশ্বনেতারাও পঞ্চমুখ।
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আগামীর পথে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ক্রিকেট খেলায় বাংলাদেশের টাইগাররা আজ বিশ্বের সব বাঘা বাঘা টিমের কাছে আতঙ্কের নাম।
মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণেই বৈশ্বিক প্রতিকূলতার মধ্যে আর্থ-সামাজিক খাতে বৈপ্লবিক উন্নতি হয়েছে। তিনি বলেন, সংসদে বাজেট নিয়ে আলোচনা হয়, পরামর্শ দেওয়া হয়, কিন্তু সেসব পরামর্শ গ্রহণ করা হয় না। কণ্ঠভোটে বাজেট পাস হয়ে যায়। সাংসদদের পরামর্শগুলো গ্রহণ করা উচিত। বাজেট পেশ করার আগে সংসদীয় কমিটিতে আলোচনা করা উচিত।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেটের বরাদ্দ অপ্রতুলতার সমালোচনা করেছেন ন্যাপের আমেনা আহমেদ।
ডেপুটি স্পিকারের ক্ষোভ: প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা অনুমতি ছাড়া লিখিত বক্তব্য পাঠ করায় গতকাল ক্ষোভ প্রকাশ করেছেন অধিবেশনের সভাপতিত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
জাতীয় পার্টির সাবিহা নাহার বেগমের বক্তৃতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারায় ডেপুটি স্পিকার বলেন, ‘আমি লক্ষ্য করছি আপনারা প্রায় সবাই লিখিত বক্তব্য পাঠ করছেন। তবে এ পর্যন্ত একজন ছাড়া বাকি সাংসদরা অনুমতি ছাড়াই লিখিত বক্তব্য পাঠ করছেন। লিখিত বক্তব্য পাঠ করবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবেন না, এটা হয় না।’
এরপর জাতীয় পার্টির আরেক সাংসদ খোরশেদ আরা হক ও আওয়ামী লীগের আনোয়ারুল আজিম আনার অনুমতি ছাড়াই লিখিত বক্তব্য পাঠ করেন।