সংসদে বাড়িভাড়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল। জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় গতকাল রোববার তিনি এ দাবি জানান।মঈন উদ্দীন খান বলেন, রাজধানীতে সাধারণ মানুষকে তাঁদের আয়ের ৬০ থেকে ৬৫ শতাংশ বাড়িভাড়ার পেছনে ব্যয় করতে হয়। মানুষকে এ অবস্থা থেকে উদ্ধার করার জন্য বিভিন্ন এলাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করতে হবে। তিনি বলেন, সরকার বলছে, কয়লা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মজুদ রাখা হবে। প্রশ্ন হলো, গভীর সমুদ্রের খনিজ সম্পদ কেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখা যাবে না? কেন তা বাপেক্সের মাধ্যমে উত্তোলন করা হবে না? মঈন উদ্দীন খান বলেন, ‘পুলিশ বিত্তের মোহে জড়িয়ে পড়েছে। সরকারি কর্মচারীরা দেদার রাজনীতি করছে। আমরা কিছুই বলতে পারছি না। ক্ষমতা আমাদের দারুণ অহংকারী করে তুলেছে। এই অহংকার পতনের কারণ হতে পারে।’আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের জহিরুল হক ভূঁইয়া বলেন, কিছু বেসরকারি প্রতিষ্ঠান, বাম রাজনীতিবিদ, নামধারী শ্রমিক ও ঝুট ব্যবসায়ীরা তৈরি পোশাকশিল্পে অস্থিরতা তৈরি করছেন। তিনি গণমাধ্যমকে তৈরি পোশাকশিল্প নিয়ে উসকানিমূলক সংবাদ না করারও আহ্বান জানান।