সংসদে বিআরটি বিল উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ পার্শ্ববর্তী পাঁচটি জেলার মধ্যে বাস র্যা পিড ট্রানজিট নির্মাণে জেল-জরিমানার বিধান রেখে বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬ গতকাল রোববার সংসদে উত্থাপিত হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করেন।
পরে বিলটি চার সপ্তাহের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় এ আইন কার্যকর হবে। এ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে।
এ ছাড়া গতকাল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল ২০১৬ সংসদে উত্থাপিত হয়েছে। সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর পরিচালনার জন্য এযাবৎ কোনো আইন প্রণীত হয়নি। সরকারের নির্বাহী আদেশে এ কোর পরিচালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কার্যক্রমের পরিধি বহুলাংশে বিস্তৃত হওয়ায় এ কোরের জন্য একটি সময়োপযোগী আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বিল উত্থাপনের আগে আইনমন্ত্রী আনিসুল হক পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০১৬ ও জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০১৬ সংসদে উপস্থাপন করেন।